Aaj India Desk, কলকাতা : তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাসভবনে CID-র তদন্তকারীদের যাওয়ার পর সই জালিয়াতি বিতর্কে নতুন প্রশ্ন তুললেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় (Tapas Roy)। শুধু বিধায়কদের সই নয়, গত দেড় দশকে মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা শীর্ষ আমলাদের সই জাল করে অন্য কোনও কাজকর্ম হয়েছে কি না, তা নিয়েও প্রকাশ্যে সংশয় প্রকাশ করেছেন তিনি।
শনিবার সকালে জাল সই মামলায় ভিডিওগ্রাফার-সহ CID-র একটি দল বালিগঞ্জে শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে যায়। প্রায় আধ ঘণ্টা সেখানে থেকে বিধায়কের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। এই প্রসঙ্গেই প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি বিধায়ক তাপস রায় (Tapas Roy) বলেন, “শুধু বিধায়কদের এই সই জালের বিষয় নয়, আমার তো এখন মনে হচ্ছে গত পনেরো বছরে মুখ্যমন্ত্রী-সহ বাকি মন্ত্রী ও আমলাদের সই জাল করে অন্য কিছু করা হয়নি তো?” মন্ত্রীর এই মন্তব্যের পর সই জালিয়াতি মামলার সম্ভাব্য পরিধি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
গোটা ঘটনার সূত্রপাত ঘটে যখন বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের তরফে স্পিকারের কাছে পাঠানো একটি চিঠিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করার প্রস্তাব দেওয়া হয়। পরবর্তীতে স্পিকার সংশ্লিষ্ট বৈঠকের প্রস্তাব ও বিধায়কদের স্বাক্ষর-সহ তালিকা জমা দেওয়ার নির্দেশ দেন। সেই অনুযায়ী ৭০ জন বিধায়কের স্বাক্ষর-সম্বলিত একটি নথি বিধানসভায় জমা পড়ে। তবে নথি খতিয়ে দেখার পর একাধিক স্বাক্ষর নিয়ে প্রশ্ন ওঠে। বিধানসভার স্পিকারের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন তৃণমূলের দুই বিধায়ক সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়া কয়েকজন বিধায়ক প্রকাশ্যে দাবি করেন, তাঁরা ওই নথিতে কোনও সই করেননি। অভিযোগ ওঠে, কিছু ক্ষেত্রে স্বাক্ষরের জায়গায় শুধু ব্লক লেটারে নাম লেখা ছিল। এই অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয় এবং মামলার তদন্তভার দেওয়া হয় CID এর হাতে।
তদন্তের স্বার্থে ইতিমধ্যেই একাধিক তৃণমূল নেতার সঙ্গে কথা বলেছেন CID আধিকারিকরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ কয়েকজন বিধায়ক ও নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি বিধানসভা, তৃনমূলের দলীয় কার্যালয়ে হানা দেয় CID। এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে CID এর হানার পর রাজনৈতিক মহলে এই মামলার পরিধি নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।


