Aaj lndia Desk,কলকাতা : কলকাতার কাশীপুরে একটি নির্মীয়মাণ আবাসন প্রকল্পে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৬ জন নাবালক বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, কাশীপুরের একটি বেসরকারি নির্মাণ সংস্থা ১৮ জুন থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়। দ্রুত তদন্তের জন্য লালবাজারের পক্ষ থেকে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে।
অভিযোগ, গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী নদীপথে এসে রুস্তমজি পারসি রোডের নির্মীয়মাণ আবাসন প্রকল্পে ঢোকে। সেখানে ঢুকেই তারা কর্মীদের ভয় দেখাতে গুলি চালায় বলে অভিযোগ। এরপর প্রকল্পে থাকা দুই নিরাপত্তারক্ষী পাল্টা গুলি চালান।
তারপর দুষ্কৃতীরা নির্মাণ কাজে ব্যবহৃত লোহার রড, কংক্রিট পাইপ, বৈদ্যুতিক সরঞ্জাম-সহ বিভিন্ন জিনিস লুট করে নদীপথে পালিয়ে যায়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে। তাদের কাছ থেকে লুট হওয়া বেশ কিছু সামগ্রীও উদ্ধার হয়েছে। তবে ঘটনার সময় ব্যবহার করা আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি।
ধৃতদের মধ্যে ৬ জন নাবালক থাকায় নতুন করে প্রশ্ন উঠছে, কীভাবে এই কিশোররা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ল। তাদের পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে এসআইটি। মূল অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।


