Aaj lndia Desk,কলকাতা: আগামী ২১ জুন ২০২৬, রবিবার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওই দিনে একদিকে যেমন পালিত হবে ‘আন্তর্জাতিক যোগ দিবস’, অন্যদিকে সারা দেশে অনুষ্ঠিত হবে NEET-UG ২০২৬ পরীক্ষা। এই দুই বড় কর্মসূচিকে কেন্দ্র করে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে কলকাতা মেট্রো রেলওয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে ভোর ৪টা থেকেই বিশেষ মেট্রো পরিষেবা শুরু হবে। যোগ দিবসের অনুষ্ঠান এবং পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে এই আগাম পরিষেবা চালু করা হচ্ছে। তবে শেষ মেট্রোর সময়সূচিতে কোনো পরিবর্তন থাকছে না।
ব্লু লাইনে (দক্ষিণেশ্বর–কবি সুভাষ) সাধারণ রবিবারের তুলনায় অনেক বেশি মেট্রো চালানো হবে। মোট ২১৪টি পরিষেবা থাকবে। ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত প্রতি ১৪ ও ১৫ মিনিট অন্তর মেট্রো চলবে। এই সময় দক্ষিণেশ্বর, নোয়াপাড়া ও মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত বিশেষ পরিষেবা চালু থাকবে। এতে যাত্রীরা দ্রুত এবং সহজে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
গ্রিন লাইনে (হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ৫) সাধারণের চেয়ে বাড়িয়ে মোট ১৭৩টি মেট্রো চালানো হবে। ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১০ থেকে ১৫ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। ভোর ৪টায় হাওড়া ময়দান থেকে এবং ৪:০২-এ সল্টলেক সেক্টর ৫ থেকে প্রথম মেট্রো ছাড়বে।
ইয়েলো লাইনে (নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর) মোট ১১২টি পরিষেবা চালু থাকবে। ভোর ৪:১৮ থেকে সকাল ৯টা পর্যন্ত প্রতি ১৮ ও ২০ মিনিট অন্তর মেট্রো চলবে।
কলকাতা মেট্রো জানিয়েছে, এই বিশেষ ব্যবস্থা যোগ দিবসের যাত্রী, সাধারণ যাত্রী এবং NEET পরীক্ষার্থীদের যাতায়াত অনেক সহজ করবে। ভোর থেকেই বাড়তি ট্রেন থাকায় শহরের গুরুত্বপূর্ণ রুটে যাত্রার চাপও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।


