Aaj lndia Desk,কলকাতা:প্রকাশিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স (WBJEE)-এর ফলাফল। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান গৌতম পাল (Goutam Pal)।
বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর মোট ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। তাঁদের মধ্যে ৯৪ হাজার ৯০১ জন পরীক্ষায় অংশ নেন। অর্থাৎ, মোট নথিভুক্ত পরীক্ষার্থীদের প্রায় ৭৯ শতাংশ পরীক্ষায় বসেছেন।
পরীক্ষায় অংশ নেওয়া পড়ুয়াদের মধ্যে ৬৭ হাজার ৩৭৮ জন ছেলে এবং ২৭ হাজার ৫২১ জন মেয়ে ছিলেন। এছাড়া তৃতীয় লিঙ্গের দু’জন পরীক্ষার্থীও পরীক্ষায় অংশ নেন।
এবার মোট ৯২ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী পাশ করেছেন। পাশের হার ৯৭.৭৪ শতাংশ। সফল পরীক্ষার্থীদের মধ্যে ৬৬ হাজার ৩৮৩ জন ছেলে এবং ২৬ হাজার ৩৬৮ জন মেয়ে। তৃতীয় লিঙ্গের দুই পরীক্ষার্থীই পাশ করেছেন।
এবারের মেধাতালিকায় প্রথম হয়েছেন সল্টলেকের শাশ্বত বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় স্থানে রয়েছেন বিষ্ণুপুরের সৌহৃদ্ধ মণ্ডল। তৃতীয় হয়েছেন রানিগঞ্জের উমাং ভুট।
বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে আগামী ২৯ জুন থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে পারে। তবে চূড়ান্ত সূচি পরে জানানো হবে।পরীক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে বোর্ডের সরকারি ওয়েবসাইটে গিয়ে নিজেদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।
গত ২৪ মে রাজ্য জয়েন্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গণিতের পরীক্ষা নেওয়া হয়। এরপর দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পদার্থবিদ্যা ও রসায়নের পরীক্ষা হয়। ফল প্রকাশের পর এখন কাউন্সেলিং নিয়ে ব্যস্ততা শুরু হয়েছে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।


