কলকাতা: তৃণমূলের ঘর ভেঙে ত্রিপুরার একটি রাজনৈতিক দলে নাম লেখাতে চলেছেন বিদ্রোহী সাংসদরা (Rebel TMC MP)। রবিবার ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকের পর স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক করছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। এরই মাঝে সূত্রের খবর, ত্রিপুরার ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি (NCPI)-তে জুড়তে চলেছেন তাঁরা। ইতিমধ্যেই কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, তাঁদের সংখ্যা ২০ নয়, ২২!
জানা গিয়েছে, বিদ্রোহী সাংসদরা (Rebel TMC MP) NCPI-র সদস্য হিসেবে সংসদে স্বীকৃতি চেয়ে স্পিকারের কাছে আবেদন জানিয়েছেন। তৃণমূল ছেড়ে নতুন রাজনৈতিক পরিচয়ে পথচলার প্রস্তুতি নিচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, মালা রায়-সহ একাধিক সাংসদ। সূত্রের দাবি, দলের সঙ্গে যোগাযোগ করে চূড়ান্ত রূপরেখাও তৈরি করা হয়েছে।
২০২৩ সালে আত্মপ্রকাশ করা NCPI-র সঙ্গে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরের সুসম্পর্ক রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। বিদ্রোহী সাংসদরা ওই দলের পতাকাতলে গেলে ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারকে সমর্থনের পথও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, বিদ্রোহী সাংসদদের (Rebel TMC MP) যোগদানের পর পশ্চিমবঙ্গেও সংগঠন বিস্তারের পরিকল্পনা করছে NCPI। দলের রাজ্য কার্যালয় খোলার প্রস্তুতি শুরু হয়েছে বলেও সূত্রের দাবি। ফলে তৃণমূলের ভাঙন ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক নাটকের নতুন অধ্যায় শুরু হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।


