নয়াদিল্লি: আইসিসি ভোটাভুটি ও বৈঠকের পর টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর সিদ্ধান্তের পর পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও জল্পনা তুঙ্গে। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মোহসিন নকভি (Mohsin Naqvi)।
আইসিসির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে, ICC বোর্ড মিটিং-এ বলেছি, আপনারা দ্বিচারিতা করতে পারেন না। এক দেশ যা ইচ্ছে সিদ্ধান্ত নিতে পারে, আর অন্য দেশের ক্ষেত্রে তা পুরোপুরি উল্টো হয় কীভাবে!” এরপর বাংলাদেশের পক্ষ নিয়ে পিসিবি চেয়ারম্যান বলেন, “এই কারণেই আমরা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি। ওদের বিশ্বকাপ খেলতে দেওয়া উচিৎ। এধরণের অন্যায় বরদাস্ত করা উচিৎ না”।
টি-২০ বিশ্বকাপ বয়কটের পথে পাকিস্তান?
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভির (Mohsin Naqvi) মন্তব্য টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) নিয়ে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। বাংলাদেশের মত পাকিস্তানও কি ‘বয়কটের’ পথে হাঁটবে? প্রশ্নের উত্তরে নকভি বলেন, “টি-২০ বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ করবে কিনা, সেই চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে।”
তিনি আরও জানান, “প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বর্তমানে দেশের বাইরে আছেন। তিনি ফিরলেই বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে পিসিবিকে চূড়ান্ত নির্দেশ দেবেন, বলে জানান নকভি (Mohsin Naqvi)। পিসিবি (PCB) চেয়ারম্যান বলেন, “আমরা ICC-এর নয়, সরকারের নির্দেশ মানি।” নকভির এই মন্তব্য বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের অনিশ্চয়তা আরও বাড়িয়েছে।


