Aaj lndia Desk,কলকাতা: নবান্নে নতুন দায়িত্ব পাওয়ার পর নিজের অফিসঘর বেছে নিতে এসে এক অভিনব সিদ্ধান্ত নিলেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর এবং মাদ্রাসা শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী বিশাল লামা (Bishal Lama)। বৃহস্পতিবার নবান্নে ঘর পরিদর্শনের সময় তিনি জানতে পারেন, যে ঘরটি তাঁর পছন্দ হয়েছে সেটিই একসময় ব্যবহার করতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।
সম্প্রতি মন্ত্রিসভায় স্থান পাওয়া কালচিনির বিধায়ক বিশাল লামা (Bishal Lama)-র বসার জায়গা নির্ধারিত হয়েছে নবান্নের দ্বিতীয় তলায়। সেখানে দুটি ঘর খালি ছিল। একটি প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের ব্যবহৃত ঘর এবং অন্যটি ছিল পার্থ চট্টোপাধ্যায়ের পুরনো অফিসকক্ষ। ঘর দুটির মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের ব্যবহৃত ঘরটিকেই নিজের অফিস হিসেবে বেছে নেন তিনি।
ঘরটি কীভাবে সাজানো হবে, সেই বিষয়ে পূর্ত দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা চলাকালীনই বিশাল লামা জানতে পারেন ঘরটির অতীত পরিচয়। সেই কথা শোনামাত্রই তিনি নিজের আপ্ত সহায়ককে নির্দেশ দেন, “আগামিকাল আগে ঘরে পুজো করব, তারপর বসব।”
এরপর উপস্থিত সরকারি আধিকারিকদের কাছে তিনি জানতে চান, নিজের ধর্মীয় রীতি মেনে পুজো করা এবং ঘরে গঙ্গাজল ছিটিয়ে নেওয়ার ক্ষেত্রে কোনও প্রশাসনিক বাধা আছে কি না। আধিকারিকরা তাতে কোনও আপত্তি নেই বলে জানালে তিনি স্বস্তি প্রকাশ করেন।
বিশাল লামা জানান, ঘর সাজানোর কাজ শেষ হলে তিনি প্রথমে পুজো করবেন। তারপর আনুষ্ঠানিকভাবে সেই ঘরে বসে কাজ শুরু করবেন । শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়ের নামফলক সরিয়ে নেওয়া হয়। এরপর দীর্ঘদিন ঘরটি বন্ধ অবস্থায় ছিল। অবশেষে নতুন প্রতিমন্ত্রী বিশাল লামার পছন্দে সেই ঘরেই ফের প্রশাসনিক কাজকর্ম শুরু হতে চলেছে।


