Aaj lndia Desk,কলকাতা: হাওড়া ব্রিজ থেকে বিদ্যাসাগর সেতু পর্যন্ত গঙ্গার পাড়কে লন্ডনের টেমস নদীর তীরের আদলে সাজানোর মেগা পরিকল্পনা সামনে এসেছে। কলকাতা আই, অ্যামিউজমেন্ট পার্ক, শপিং মল, হাসপাতাল এবং ৬০ মিটার উঁচু ধাতব দুর্গা মূর্তি সব মিলিয়ে বড়সড় উন্নয়ন প্রকল্পের কথা বলা হচ্ছে।
তবে এই ঘোষণার পর থেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। একাংশের দাবি, যে গঙ্গার জল এখনও দূষণে ভরা, যেখানে বহু ঘাটে আবর্জনার স্তূপ চোখে পড়ে, সেখানে সৌন্দর্যায়নের আগে কি নদী পরিষ্কার করাই বেশি জরুরি নয়?
অনেকের মতে, হাওড়া ও কলকাতার বাদেও জেলায় জেলায় বিভিন্ন এলাকায় এখনও একাধিক পুরনো সেতু ও পরিকাঠামো সংস্কারের অব্যাহত অবস্থায় রয়েছে। কোথাও রাস্তার বেহাল অবস্থা, কোথাও ঘাটের নিরাপত্তা নিয়ে অভিযোগ। সেই সমস্যাগুলির সমাধান না করে কোটি কোটি টাকা খরচ করে ধাতব দুর্গা মূর্তি বা ‘কলকাতা আই’ তৈরির পরিকল্পনা কতটা বাস্তবসম্মত, তা নিয়েও প্রশ্ন উঠছে।
তবে সরকার গঙ্গার ধারে থাকা ঐতিহাসিক ঘাটগুলিকেও নতুন রূপ দেওয়া হবে বলেই জানিয়েছে । রামকৃষ্ণপুর ঘাট, বাঁধা ঘাট-সহ একাধিক ঘাট সংস্কার করে আরও সুন্দর ও আধুনিক করা হবে। পর্যটকদের সুবিধার জন্য ঘাটের আশপাশে উন্নত পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
এছাড়াও এই এলাকায় আধুনিক হাসপাতাল, শপিং মল, বিজনেস হাব এবং বিনোদন পার্ক তৈরির পরিকল্পনা করা হয়েছে। হাওড়া স্টেশন থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত নতুন উন্নয়ন প্রকল্পও নেওয়া হবে রেলের সহযোগিতায়।
সম্প্রতি রামকৃষ্ণপুর ঘাট এলাকা পরিদর্শন করেন উত্তর হাওড়ার বিধায়ক ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই (Umesh Rai)। তাঁর দাবি, প্রকল্পের কাজ ধাপে ধাপে শুরু হবে এবং সম্পূর্ণ হলে হাওড়া ও কলকাতার গঙ্গাপাড় নতুন পরিচয়ে সামনে আসবে।
এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে পর্যটন, ব্যবসা ও স্থানীয় অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে বলেই মনে করছেন অনেকে।


