কলকাতা: ৩ বার সিআইডি তলব এড়ানোর পর অবশেষে হাজিরা দিলেন যুবরাজ (Abhishek Banerjee)। শুক্রবার সন্ধ্যে ৬ টার মধ্যে ভবানীভবনে হাজিরার নির্দেশ ছিল। তার ঠিক ১০ মিনিট আগে ৫ টা বেজে ৫০ মিনিটে ভবানীভবনের গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন বিকেলে কলকাতা বিমানবন্দরে তিনি নামতেই ওঠে ‘চোর চোর’ স্লোগান। সেখান থেকে সোজা কালিঘাটের বাড়িতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এরপর বিকেল ৫.৪৩ মিনিটে ভবানীভবনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সই জালিয়াতি মামলায় ২১ দিনের আইনি রক্ষাকবচ পেলেও শেষ পর্যন্ত সিআইডির মুখোমুখি হতেই হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। কলকাতা হাই কোর্ট বৃহস্পতিবার স্পষ্ট নির্দেশ দেয়, যেখানেই থাকুন না কেন, সন্ধ্যা ৬টার মধ্যে সিআইডি দপ্তরে হাজিরা দিতে হবে তাঁকে। সেই নির্দেশ মেনেই দিল্লি থেকে কলকাতায় ফেরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে সিআইডির র্যাডারে রয়েছেন তৃণমূলের ‘সেনাপতি’। তদন্তে হাজিরার জন্য পরপর তিনবার নোটিস পাঠানো হলেও তিনি বিভিন্ন কারণ দেখিয়ে উপস্থিত হননি। এরই মধ্যে গ্রেফতারি সহ কড়া পদক্ষেপের আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি কৌশিক চন্দ অভিষেকের অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, কেন বারবার তদন্তে হাজিরা এড়ানো হচ্ছে। আদালত জানিয়ে দেয়, তদন্তে সহযোগিতা করতেই হবে। এরপর অভিষেকের (Abhishek Banerjee) আইনজীবী আদালতকে আশ্বস্ত করেন যে, রক্ষাকবচ পেলে তাঁর মক্কেল সিআইডির সামনে হাজিরা দেবেন এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন।
শুনানি শেষে আদালত অভিষেককে ২১ দিনের জন্য গ্রেফতারি থেকে সুরক্ষা দিলেও একইসঙ্গে সেদিনই সিআইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেয়। আদালতের সেই নির্দেশের পরই রাজনৈতিক মহলে জোর চর্চার মধ্যে কলকাতায় ফেরেন অভিষেক এবং ডেডলাইন শেষ হওয়ার মাত্র ১০ মিনিট আগে ভবানীভবনে (Abhishek Banerjee) সশরীরে উপস্থিত হন তিনি।


