Aaj India Desk,কলকাতা: পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মন্ত্রিসভা গঠনের পর থেকেই নতুন মন্ত্রীদের দপ্তর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। আজ সকাল ১১টা থেকে লোকভবনে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যপাল আর. এন. রবি ৩৫ জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)-র নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রিসভায় কার হাতে কোন গুরুত্বপূর্ণ দফতর যাবে, তা নিয়েই এখনো স্পষ্ট না।
এরই মধ্যে মঙ্গলবার আচমকা দিল্লি সফরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এই সফর ঘিরে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ছড়িয়েছে।যদিও বিজেপি সূত্রে আনুষ্ঠানিকভাবে এই সফরের কারণ জানানো হয়নি, তবু সম্ভাব্য মন্ত্রিসভার দফতর বণ্টনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই দিল্লি গিয়েছেন তিনি।
নতুন সরকারের ক্ষেত্রে স্বরাষ্ট্র, অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, সেচ, পূর্ত এবং শিল্পের মতো গুরুত্বপূর্ণ দফতর কারা পাচ্ছেন, তা নিয়ে দলের অন্দরেও ব্যাপক উত্তেজনা। শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে একাধিক নতুন মুখ যেমন রয়েছেন, তেমনই রয়েছেন অভিজ্ঞ নেতারাও। ফলে ভারসাম্য বজায় রেখে দপ্তর বণ্টন করাই এখন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অনেকে।
দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে বলেও জানা গিয়েছে। সেই বৈঠকের পরই মন্ত্রীদের দফতর বণ্টনের তালিকা প্রকাশ করা হতে পারে বলে অনেকে মনে করছে । ফলে রাজ্যের প্রশাসনিক কাজকর্ম পুরোপুরি গতিতে ফিরতে এখন নজর রয়েছে মুখ্যমন্ত্রীর দিল্লি সফর এবং তার পরবর্তী সিদ্ধান্তের দিকে।
নতুন সরকারের প্রথম বড় প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দফতর বণ্টনের ঘোষণাই এখন সব থেকে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে ।


