Aaj India Desk, কলকাতা: বিধায়কদের সই জালিয়াতি মামলার মধ্যেই এবার কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) র দ্বারস্থ হলেন তৃণমূল (TMC)-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সিআইডি (CID) যে নোটিস পাঠিয়েছে, তা বাতিল করার আবেদন জানিয়ে তিনি হাইকোর্টে মামলা করেছেন। পাশাপাশি তদন্তকারী সংস্থা যাতে তাঁকে গ্রেফতার করতে না পারে, সেই মর্মেও আদালতের কাছে সুরক্ষা চেয়েছেন তিনি। বিচারপতি অপূর্ব সিনহা রায় মামলাটি গ্রহণের অনুমতি দিয়েছেন। শুক্রবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত কয়েকদিন ধরেই বিধায়কদের সই জালিয়াতি ইস্যুতে রাজ্য রাজনীতিতে তুমুল চর্চা চলছে। তদন্তের স্বার্থে সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়ে ১ জুন (সোমবার) ভবানীভবনে হাজির হতে বলেছিল। কিন্তু সেদিন তিনি উপস্থিত হননি। পরিবর্তে সিআইডিকে চিঠি দিয়ে জানান, শারীরিক অসুস্থতার কারণে তাঁর পক্ষে হাজির হওয়া সম্ভব নয়।
এরপর সেদিন বিকেলেই সিআইডির একটি দল অভিষেকের কালীঘাটের বাড়িতে যায়। যদিও তারা বাড়ির ভিতরে প্রবেশ করতে পারেনি। প্রায় আধ ঘণ্টা অপেক্ষার পর বাড়ি থেকে একজন প্রতিনিধি বেরিয়ে এসে সিআইডির নোটিস গ্রহণ করেন। পরে জানা যায়, অভিষেকের নামে নতুন একটি নোটিস দিয়ে যায় তদন্তকারী সংস্থা। সেখানে তাঁকে আগামী ৮ জুন ভবানীভবনে হাজির হতে বলা হয়েছে।
এই নতুন নোটিসের বৈধতাকেই চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নোটিস বাতিলের পাশাপাশি আদালতের সুরক্ষাও চেয়েছেন। ফলে শুক্রবারের শুনানিতে আদালত কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। অন্যদিকে, তৃণমূলের অন্দরেও অস্থিরতা ক্রমশ বাড়ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহারা ‘নতুন তৃণমূল’ গঠনের উদ্দেশ্যে ইতিমধ্যেই বিধানসভায় প্রবেশ করেছেন। জানা যাচ্ছে, তাঁরা প্রায় ৬০ জন বিধায়কের সমর্থনসূচক সই নিয়ে বিধানসভায় পৌঁছেছেন।


