Aaj lndia Desk,নয়াদিল্লি: ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরুর মাত্র ১০ দিন আগে অবশেষে জানা গেল, ভারতে কোন সংস্থা এই টুর্নামেন্ট সম্প্রচার করবে। ফিফার সঙ্গে চুক্তি করে বিশ্বকাপ দেখানোর অধিকার পেল জি এন্টারটেনমেন্ট (Zee Entertainment)।
শুধু ২০২৬ বিশ্বকাপই নয়, ২০৩৪ সাল পর্যন্ত ফিফার মোট ৩৯টি বড় প্রতিযোগিতা সম্প্রচার করবে জি। এর মধ্যে রয়েছে ২০৩০ বিশ্বকাপ-সহ আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট।
গত কয়েক মাস ধরে বিশ্বকাপের সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।ভারত বিশ্বের অন্যতম বড় ফুটবল বাজার হলেও কোনও সম্প্রচারকারী সংস্থার নাম ঘোষণা করা হয়নি। ফলে ফুটবলপ্রেমীদের মধ্যে উদ্বেগ বাড়ছিল। শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটল।
আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। এবার প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে প্রতিযোগিতা হবে। যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করছে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো।
সূত্রের খবর, সম্প্রচার স্বত্ব নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। তবে চুক্তির আর্থিক অঙ্ক প্রকাশ করা হয়নি। শেষ পর্যন্ত জি এন্টারটেনমেন্ট ফিফার সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে সক্ষম হয়েছে।এছাড়াও ক্রীড়া সম্প্রচার বাড়ানোর জন্য চারটি নতুন স্পোর্টস চ্যানেল চালুর ঘোষণা করেছে জি। আগামী দিনে ফুটবলসহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা যেমন ইউনাইট ৮ স্পোর্টস ১, ইউনাইট ৮ স্পোর্টস ২ মত সম্প্রচারের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারতে ফুটবলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বিশ্বকাপ, ইউরোপীয় লিগ এবং অন্যান্য আন্তর্জাতিক ম্যাচ নিয়েও দর্শকদের আগ্রহ এখন অনেক বেশি। তাই ফিফা ও জি-র এই চুক্তি ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য বড় স্বস্তির খবর বলেই মনে করা হচ্ছে।


