Aaj India Desk, কলকাতা: ‘বহিষ্কৃত’ তকমা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)-এর জীবনে নতুন নয়। প্রায় ৯ বছর আগে দলবিরোধী কাজের অভিযোগে সিপিএম (CPM) থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। এবার একই ধরনের অভিযোগে তৃণমূল কংগ্রেস (TMC)-ও তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল। নিজের দলের বিরুদ্ধেই সই জালিয়াতির অভিযোগ তোলার পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এই ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। ঋতব্রতকে নিশানা করে তিনি বলেন, “বাংলার রাজনীতির প্রথম নায়ক, যিনি একটি জীবনে দুই দল থেকে বহিষ্কার হওয়ার গৌরব অর্জন করলেন।” এরপর কটাক্ষের সুরে যোগ করেন, “কতখানি যমের অরুচি হলে এমনটা হতে পারে। সিপিএমও তাঁকে তাড়িয়ে দিয়েছিল। তৃণমূলও তাঁকে তাড়িয়ে দিল।” শতরূপের দাবি, ঋতব্রতের এই পরিণতি অপ্রত্যাশিত নয়। তাঁর কথায়, “যে সিপিএম গোটা দেশের ছাত্র আন্দোলনের নেতা বানিয়েছিল ঋতব্রতকে, কম বয়সে সংসদে সাংসদ করে পাঠিয়েছিল, সেই সিপিএমের সঙ্গেই যদি বেইমানি করে থাকতে পারে, তাহলে তৃণমূলের সঙ্গেও বেইমানি করবে, এটা তো জানাই ছিল।”
তিনি আরও বলেন, ঋতব্রতকে তৃণমূলে নেওয়ার পর থেকেই এমন পরিস্থিতি একদিন তৈরি হবে, তা অনুমান করা গিয়েছিল। শতরূপের বক্তব্য, “ঋতব্রত যখন তৃণমূলে গিয়ে সিপিএমের নাম দুর্নাম করত, তখন খুব আনন্দ হতো মমতা, অভিষেকদের। ওকে আপনারা মাথায় তুলে নেচেছিলেন। এবার আপনার ঘরে গিয়েও বেইমানি করেছে। এই ফল তৃণমূলকে ভুগতেই হতো।”এদিকে, কয়েকদিন আগে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছিলেন, ভালো তৃণমূল নেতাদের বিজেপিতে নেওয়ার বিষয়টি দল বিবেচনা করতে পারে। সেই প্রসঙ্গ টেনে শতরূপ বলেন, “গোটা তৃণমূল ভালো তৃণমূল হওয়ার পথে নেমেছে। কে কত আগে বিজেপির সঙ্গে যুক্ত হবে…।”


