Aaj lndia Desk,কলকাতা: তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)- এর সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দলের প্রতি আনুগত্যের বার্তা দিতে গিয়েই তিনি এমন একাধিক মন্তব্য করেছেন, যা তৃণমূলের অন্দরমহলের অসন্তোষ ও গোষ্ঠীদ্বন্দ্বকে প্রকাশ্যে এনে দিয়েছে বলেই মনে করছে অনেকে।
কুণাল ঘোষ (Kunal Ghosh ) তাঁর দীর্ঘ পোস্ট এ স্পষ্ট ভাষায় বলেন, দলের নেতৃত্বের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ক্ষোভ ও যন্ত্রণা থাকলেও তিনি দল ছাড়বেন না। বরং বর্তমান পরিস্থিতিতে যারা দলের বিরুদ্ধে সরব হচ্ছেন বা দূরত্ব তৈরি করছেন, তাদের কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি।
কুণালের বক্তব্য, “আজ দিদি মুখ্যমন্ত্রী হলে তো অনেকে মন্ত্রী হওয়ার লবি করত। এখন হঠাৎ নানা কারণ দেখিয়ে দূরত্ব? এটা কাপুরুষতা।”এই মন্তব্যকে কেন্দ্র করেই কার্যত চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কারা মন্ত্রী হওয়ার আশায় ছিলেন? কাদের উদ্দেশে এই বার্তা? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূলের অন্দরে।
তবে পাশাপাশি তিনি অভিযোগ করেন, দলের ভালো সময়ে ক্ষমতা, পদ ও প্রচারের সুবিধা নেওয়া অনেক নেতাকর্মী এখন দলের কঠিন সময়ে সামনে নেই।আরও বলেন, সদ্য নির্বাচিত হয়ে দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া বা প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা “বিশ্বাসঘাতকতা”। তাঁর মতে, দলের কর্মপদ্ধতি নিয়ে আপত্তি থাকলে তা দলের ভিতরে আলোচনা হওয়া উচিত, প্রকাশ্যে নয়।
পোস্টের শেষাংশে বিজেপির প্রসঙ্গ টেনে কুণাল বলেন, অন্য দল ভাঙানোর চেষ্টা করলে তার আগে নিজেদের ভুলত্রুটি খতিয়ে দেখা প্রয়োজন। একইসঙ্গে তিনি স্বীকার করেন, অতীতে লোক চেনার ভুল, সাংগঠনিক ভুল এবং সিদ্ধান্তগত ভুল হয়েছে দলের।সব মিলিয়ে কুণাল ঘোষের এই বিস্ফোরক পোস্টে তৃণমূলের অন্দরে চাপা ক্ষোভ, অসন্তোষ ও সম্ভাব্য ভাঙনের জল্পনা আরও উস্কে দিল বলে মনে করছে একাংশ। যদিও তাঁর স্পষ্ট বার্তা, “যা হবার হবে, আমি মমতাদির সঙ্গে থাকছি।”


