Aaj lndia Desk,কলকাতা: বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর প্রথম বড কর্মসূচিতে ,আর সেই কর্মসূচিতেই গিয়ে জনতার বিক্ষোভের মুখে পড়েন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যাওয়ার পথেই “চোর চোর” স্লোগান এবং ডিম ছোড়ার অভিযোগ ওঠে।
তবে এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৭ জন পুলিশের নজরে এসেছে বলে সূত্রের খবর। তাদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু করেছে। ধৃতদের মধ্যে নির্মাল্য সেনগুপ্ত, দেবাশিস দত্ত এবং কাজল দাস নামে কয়েকজন রয়েছেন বলেও জানা গিয়েছে। পুলিশ সূত্রের দাবি, এঁদের অনেকেই স্থানীয় তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠ বলেও অভিযোগ উঠেছে।
তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন লাভলি মৈত্র। তিনি জানান, তিনি বেশ কয়েকদিন ধরে কলকাতার বাইরে রয়েছেন এবং ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানেন না। তাঁর দাবি, অভিযুক্ত ব্যক্তিরা তৃণমূলের কর্মী কি না, সে সম্পর্কেও তাঁর কাছে কোনও তথ্য নেই।
লাভলি আরও বলেন, তিনি এলাকায় থাকলে অবশ্যই ঘটনাস্থলে যেতেন। পাশাপাশি তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, এ ধরনের ঘটনা চলতে থাকলে ভবিষ্যতে সাধারণ মানুষই তার জবাব দেবে।
অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তাঁর বক্তব্য, অভিযুক্ত ব্যক্তি যে দলেরই হোক না কেন, যদি হামলার সঙ্গে যুক্ত থাকে তবে পুলিশ তাকে গ্রেফতার করতেই পারে। রাজনৈতিক পরিচয় নয়, ঘটনার তদন্ত এবং আইনি পদক্ষেপই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।


