Aaj India Desk, হুগলি: ভোট পরবর্তী হিংসার জেরে এক তৃণমূল কর্মীর (TMC Worker) মৃত্যু হয়েছে- এমনটাই দাবি করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। সেই ঘটনার পর সোনারপুরে মৃত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু সেখানে গিয়ে তিনি অস্বস্তিকর ও উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়েন। স্থানীয় কিছু মানুষ তাঁকে ঘিরে ‘চোর, চোর’ বলে স্লোগান দিতে থাকে, এমনকি তাঁর দিকে কাঁচা ডিম, জুতো এবং পাথর ছুঁড়ে হামলারও করা হয়। এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভে নামে তৃণমূল। একইভাবে চুঁচুড়াতেও বিক্ষোভ দেখান প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (Asit Majumdar)। তবে সেই সময় তাঁকে হাসিমুখে বিক্ষোভে অংশ নিতে দেখা যায়।
চুঁচুড়ার পিপুলপাতি এলাকায় শনিবার অসিত মজুমদারের একটি আগেই ঠিক করা কর্মসূচি ছিল। সেখানে তিনি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি নিয়ে প্রতিবাদ কর্মসূচি করেন। তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে তিনি রাস্তা অবরোধেও অংশ নেন। কিন্তু পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার খবর তাঁর কাছে পৌঁছতেই পুরো প্রতিবাদের দিক বদলে যায়। এরপর তিনি ও তাঁর দলবল রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই সময় তাঁকে পুলিশের সঙ্গে স্বাভাবিক ও হাসিমুখে কথা বলতে দেখা যায়। যদিও সাংবাদিকদের সামনে তিনি কিছুটা গম্ভীরভাবেই নিজের বক্তব্য রাখেন।
কী বললেন অসিত মজুমদার?
অসিত মজুমদার বলেন, “পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম বাড়ার বিরুদ্ধে আমরা আগে থেকেই প্রতিবাদ করছিলাম। খুবই দুঃখের বিষয়, রাজ্যের গণতন্ত্রকে বিজেপি নষ্ট করে দিতে চাইছে। আজ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলেঘাটায় গিয়েছিলেন ঘরছাড়া কর্মীদের পাশে দাঁড়াতে, পরে সোনারপুরেও যান। সেখানে তাঁকে বিজেপি হেনস্থা করেছে। তাঁর ওপর ডিম, ইট ও পাথর ছোড়া হয়েছে, মেরে ফেলার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে। বিজেপির এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের আন্দোলন করছি, তাই আমরা রাস্তায় বসে প্রতিবাদ করছি।”


