Aaj lndia Desk,কলকাতা: মহানগর জুড়ে চলছে অবৈধ কারবার। কলকাতার কিছু ডান্স বার (Dance Bar) ও নাইটলাইফ (Night life) কেন্দ্রকে ঘিরে সম্প্রতি নতুন করে বিতর্ক দানা বাঁধছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক পোস্ট, ভিডিওকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন।
দাবি শহরের কিছু নাইটলাইফ কেন্দ্র শুধুমাত্র বিনোদনের জায়গা হিসেবেই সীমাবদ্ধ নেই। বরং এর আড়ালে আরও বড় কোনও নেটওয়ার্ক কাজ করছে কি না, তা নিয়ে জল্পনা বাড়ছে। কিছু ক্ষেত্রে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ, গোপনে নজরদারি এবং পরবর্তীতে চাপ সৃষ্টি করে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগও সামনে এসেছে।
আরও বিস্ফোরক অভিযোগ, কয়েকটি প্রতিষ্ঠানে গভীর রাত পর্যন্ত সন্দেহজনক কার্যকলাপ চলে এবং সেখানে মাদক ও অবৈধ যৌন ব্যবসার মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়দের একাংশ। যদিও এই দাবিগুলির পক্ষে এখনও কোনও সরকারি তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসেনি।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ভিডিও নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। প্রশ্ন উঠছে, যদি সবকিছু নিয়ম মেনেই চলে, তাহলে এত অভিযোগ কেন? কেন বারবার একই ধরনের অভিযোগ সামনে আসছে? আর প্রশাসনের নজরদারিই বা কতটা কার্যকর?
অনেকের মতে, অভিযোগ যতই গুরুতর হোক না কেন, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত জরুরি। তবে জনমনে যে প্রশ্ন তৈরি হয়েছে, তা আর অস্বীকার করার উপায় নেই। এখন দেখার, অভিযোগের আড়ালে সত্যিই কোনও বড় চক্র কাজ করছে, নাকি সবই গুজব ? উত্তর দেবে একমাত্র নিরপেক্ষ তদন্ত।


