Aaj India Desk, মুম্বই : HDFC Bank-এ কি আপনার অ্যাকাউন্ট আছে? নিশ্চয়ই বিভিন্ন পরিষেবা, চার্জ বা অন্য কারণে কখনও ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যেতে দেখেছেন। জানেন কোথায় যাচ্ছে সেই টাকা?
দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক HDFC Bank-এর বিরুদ্ধে উঠেছে বড়সড় আর্থিক অনিয়মের গুরুতর প্রশ্ন। প্রায় ৪৫ কোটি টাকার অর্থের হিসাব নেই ব্যাংকের অডিটে। রিজার্ভ ব্যাংকের (RBI) সুদের হার সংক্রান্ত নিয়ম এড়াতে রীতিমত ছক কষে এগিয়েছে এই ব্যাংক।
কীভাবে করা হয়েছিল এই ব্যবস্থা?
মহারাষ্ট্র স্টেট রোড ডেভেলপমেন্ট কর্পোরেশনের বড় অঙ্কের আমানত নিজেদের কাছে রাখতে ব্যাংক কর্তৃপক্ষ ৩.৫ শতাংশের পরিবর্তে কার্যত ৬.০১ শতাংশ রিটার্ন দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু RBI-র নিয়ম অনুযায়ী কোনও একক আমানতকারীকে আলোচনার মাধ্যমে আলাদা সুদের হার দেওয়া যায় না। ফলে এই অতিরিক্ত অর্থ সরাসরি সুদ হিসেবে না দিয়ে ‘রোড সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন’-এর খরচ দেখিয়ে মার্কেটিং বিভাগের মাধ্যমে বিভিন্ন ভেন্ডরের সাহায্যে পাঠানো হয়। সেই মার্কেটিং বিভাগের কিছু কার্যকলাপকে “Unsatisfactory” বা অসন্তোষজনক বলে উল্লেখ করে ব্যাংকের নিজস্ব ইন্টারনাল অডিট রিপোর্ট।
জড়িত ব্যাংকের শীর্ষ কর্তারা
এরপরেই ব্যাংকের অডিট কমিটির নির্দেশে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়। তদন্তে ১০ জনেরও বেশি সিনিয়র কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও নিজেদের পিঠ বাঁচাতে প্রতিটি ডকুমেন্ট সেই শীর্ষ কর্তারা নিজেরা সই না করে জুনিয়রদের দিয়ে সই করিয়ে পাশ করাতেন। কিন্তু তদন্তের গভীরতার ফলে নথিতে ফাঁস হয়ে যায় তাদের নামও। তদন্তে ব্যাংকের চিফ মার্কেটিং অফিসার রবি সন্থানম স্বীকার করেন যে, “ডিফারেনশিয়াল ইন্টারেস্ট রিইম্বার্সমেন্টকে মার্কেটিং বিভাগ মার্কেটিং খরচ হিসেবে দেখাতে করতে সাহায্য করেছে”। এই ব্যবস্থা নিয়ে আলোচনার সময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শশীধর জগদীশন এবং সিএফও শ্রীনিবাসন বৈদ্যানাথনও সেখানে উপস্থিত ছিলেন। প্রশ্ন উঠছে প্রাক্তন চেয়ারম্যান অতনু চক্রবর্তীর পদত্যাগ ঘিরেও। অডিট কমিটির তদন্তের নির্দেশ জারির মাত্র ছয় দিন পর তিনি পদ ছাড়েন।
তবে HDFC Bank সমস্ত অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। ব্যাংকের বক্তব্য, বিষয়টি তাদের অভ্যন্তরীণ শাসনব্যবস্থার আওতায় যথাযথভাবে বিবেচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই তথ্য প্রকাশ্যে আসার পর বিনিয়োগকারীদের মধ্যে স্পষ্টতই উদ্বেগ তৈরি হয়। বুধবার শেয়ার বাজারে HDFC Bank-এর শেয়ারের দাম ২ শতাংশের বেশি কমে যায়।
এই বিতর্কের পর সাধারণ গ্রাহকদেরও সতর্ক থাকা জরুরি। ব্যাংকে টাকা রাখার সময় শুধু সুদের হারের দিকে নয়, আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা কাটছে তাও দেখা উচিত। নিয়মিত নিজের অ্যাকাউন্ট স্টেটমেন্ট পরীক্ষা করা, অজানা চার্জ বা কাটাকাটি খেয়াল করা এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ ঘোষণা সম্পর্কে অবগত থাকা প্রয়োজন। কারণ সেই টাকা থেকেই ব্যাংক নিজেদের পকেট ভারী করতে পারে। ফলে গ্রাহক হিসেবে আপনার সচেতনতাই রক্ষা করতে পারে আপনার সঞ্চয়।


