Aaj India Desk, মুর্শিদাবাদ : অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার আবেদন প্রক্রিয়া ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের বিভ্রান্তি ক্রমশ বাড়ছে। ১২ পৃষ্ঠার দীর্ঘ ফর্ম পূরণ করতে গিয়ে মাথা খারাপ হওয়ার জোগাড় প্রান্তিক মানুষদের। এই অবস্থায় ডোমকলে সামনে এল এক ব্যতিক্রমী ছবি। শনিবার সকালে নিজে বসে সাধারণ মানুষের অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার ফর্ম পূরণে সাহায্য করতে দেখা গেল ডোমকলের CPIM বিধায়ক মুস্তাফিজুর রহমান রানাকে।
ফর্ম নিয়ে বিভ্রান্তি কেনো ?
রাজ্য সরকারের তরফে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের ফর্ম প্রকাশিত হওয়ার পরেই শুরু হয় বিতর্ক। ১২-১৩ পৃষ্ঠার দীর্ঘ ফর্মে লাগবে পুরো পরিবারের প্রত্যেক সদস্যের আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জমি-সম্পত্তি, ঘরের সংখ্যা, জাতিগত সার্টিফিকেট মতো একাধিক খুঁটিনাটি তথ্য। অনেকের যৌথ পরিবার হওয়ার ফলে পরিবারের কর্তা হিসেবে কাকে বলা হচ্ছে তা নিয়েও রয়েছে সংশয়। ফলে ফর্ম ফিল আপ করতে গিয়েই হিমশিম খাচ্ছেন প্রান্তিক মহিলারা।
আবেদনকারীদের পাশে জনপ্রতিনিধি
ডোমকলের অনেক আবেদনকারী ফর্মের বিভিন্ন অংশ পূরণ করতে সমস্যার মুখে পড়ছিলেন। বিশেষ করে প্রয়োজনীয় নথি, ব্যক্তিগত তথ্য এবং আবেদন সংক্রান্ত বিভিন্ন শর্ত নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। সেই পরিস্থিতিতে CPIM বিধায়ক নিজেই উদ্যোগ নিয়ে আবেদনকারীদের পাশে দাঁড়ান। শনিবার সকাল থেকেই সিপিএম নেতা রানা ফর্ম পূরণের পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনাও দেন বলে জানিয়েছে এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা সোহেলের বক্তব্য, “অনেকেই ফর্মটা নিজেরা ঠিকমতো পূরণ করতে পারছিলেন না। কোথায় কী লিখতে হবে, কোন নথি লাগবে এসব নিয়ে চিন্তা হচ্ছিল। ফর্ম ফিল-আপের মতো কাজে জনপ্রতিনিধিকে এভাবে পাশে পাওয়ায় সুবিধা হয়েছে। এতে বহু মানুষের সময় ও হয়রানি দুটোই কমেছে।” অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার আবেদন প্রক্রিয়া চলাকালীন CPIM বিধায়কের সাহায্যের এই ছবি ডোমকলের রাজনৈতিক ও সামাজিক পরিসরে আলাদা করে নজর কেড়েছে।
তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় ৩০ লক্ষ ভুয়ো, মৃত, পুরুষ এবং অনুপ্রবেশকারী উপভোক্তা ছিল। তাদের এই প্রকল্পের আওতায় আনা হবে না বলেই বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে ফর্মে। পাশাপাশি মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও দিলীপ ঘোষ বলেছেন, “জনগণের টাকা জনগণের জন্যই খরচ হবে। আমরা অনুপ্রবেশকারীদের সুবিধা দিতে চাই না।” প্রাথমিকভাবে ফর্মটি বিস্তারিত হলেও ধীরে ধীরে প্রক্রিয়া সহজ করা হবে বলেও আশ্বাস দিয়েছে বিজেপি।


