Aaj India Desk, কলকাতা : গতকাল রাত পর্যন্ত কলকাতার বুকে বয়ে যাওয়া ৮০ কিমি বেগে হাওয়া আর বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ কমেছে বেশ কয়েক ডিগ্রি (Weather Update)। সেই একই ভাব বজায় থাকবে আজকেও। শনিবার থেকে রবিবার বিকেল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না বলেই ইঙ্গিত আবহাওয়াবিদদের। রবিবার রাত থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমতে শুরু করবে। ফলে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে ফের বাড়তে পারে গরম ও অস্বস্তি।
কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা?
আলিপুর আবহাওয়া দপ্তরের ৭ দিনের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update)
শনিবারের পর থেকে অধিকাংশ জেলায় বৃষ্টির পরিমাণ কমবে। আগামী কয়েকদিন মূলত বিক্ষিপ্তভাবে এক-দু’জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।
উত্তরবঙ্গেও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে আজ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শনিবার পাহাড়ি অঞ্চল-সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update)
কবে ফিরবে গরম?
আবহাওয়াবিদদের মতে, রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে। সোমবারও আবহাওয়া মোটামুটি একই রকম থাকতে পারে। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে বাতাস ক্রমশ শুষ্ক হতে শুরু করবে। ফলে রোদের তেজ বাড়বে এবং দক্ষিণবঙ্গে ফের গরম ও অস্বস্তিকর আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
আগামী সাত দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আর্দ্রতার ওঠানামার কারণে গরমের অনুভূতি বাড়তে পারে।
উপকূলে জারি সতর্কতা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ
পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে আগামী ১২ ঘণ্টায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, যার গতি মাঝে মাঝে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
হুগলি বন্দরে ‘লোকাল কশনারি সিগন্যাল নম্বর-৩’ জারি রাখা হয়েছে। একই সঙ্গে কাকদ্বীপ থেকে লোথিয়ান দ্বীপ পর্যন্ত উপকূলে স্ফীত ঢেউ বা ‘সোয়েল সার্জ’-এর সতর্কতা জারি হয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকে নৌযান চলাচল ও সমুদ্রতীরবর্তী কার্যকলাপে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।


