Aaj lndia Desk,কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে ফের সামনে এল সন্দেশখালির স্মৃতি। এক সময় উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বিরুদ্ধে যেভাবে সরব হয়েছিলেন স্থানীয় মহিলারা, তেমনই চিত্র এবার দেখা গেল গোঘাট ২ নম্বর ব্লকের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত এলাকায়।
বিজেপি ক্ষমতায় আসার পর এলাকার প্রভাবশালী দুই তৃণমূল নেতা শেখ শাহাবুদ্দিন খান ও তাঁর ভাই গিয়াসউদ্দিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা, বিশেষ করে মহিলারা। স্থানীয়দের অভিযোগ, সরকারি প্রকল্পে দুর্নীতি, কাটমানি আদায়, তোলাবাজির পাশাপাশি মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করতেন ওই দুই নেতা। ইতিমধ্যেই তাঁদের বাড়ির দেওয়ালে পোস্টার পড়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হতে পারে আন্দাজ করেই দুই ভাই আগেভাগে এলাকা ছাড়েন পালিয়েছে।
স্থানীয়দের দাবি, একসময় মাটির বাড়িতে থাকতেন দুই ভাই। এখন সেখানে তৈরি হয়েছে বড় তিনতলা বাড়ি। গ্রামবাসীদের অভিযোগ, কাটমানি, তোলাবাজি ও দুর্নীতির টাকায় এই বাড়ি তৈরি হয়েছে। রাজ্যে পালাবদলের পর সেই ক্ষোভই এবার পোস্টারে ফুটে উঠেছে। কাটমানির টাকা ফেরতের দাবিতে তাঁদের বাড়িতে পোস্টার পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, শেখ শাহাবুদ্দিন খান আগে গোঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন। তাঁর ভাই গিয়াসউদ্দিনও পরে রাজনীতিতে প্রভাবশালী হয়ে ওঠেন। ২০১৮ সালে শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান হওয়ার পর অল্প সময়ের মধ্যেই তিনি তিনতলা বাড়ি তৈরি করেন বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, দুই ভাইয়ের এই সম্পত্তির পিছনে রয়েছে দুর্নীতি ও কাটমানির টাকা।


