স্নেহা পাল, বাসন্তী: ফরাক্কা ও চাকুলিয়ার ঘটনার পর ফের বাসন্তীতে SIR শুনানি (SIR Hearing ) কেন্দ্র ঘিরে অশান্তি তৈরি হল। মঙ্গলবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে নথি জমা দেওয়ার পর রিসিট না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে শুনানি কেন্দ্রে ভাঙচুর করা হয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধও করেন স্থানীয়দের একাংশ।
রাস্তা অবরোধে সাময়িক যানজট, চাপে সাধারণ মানুষ
স্থানীয় সূত্রে খবর, শুনানি কেন্দ্রে নথি জমা নেওয়া হলেও একাধিক আবেদনকারীকে রিসিট দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এর পরেই কেন্দ্রের ভিতরে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
উত্তেজনা ছড়িয়ে পড়লে রাস্তা অবরোধ করা হয়। টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়, ফলে এলাকায় সাময়িক যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়।
আদালতের কড়া নির্দেশের পরেও অনিয়ম
একদিকে নথি জমা দেওয়ার দীর্ঘ লাইন, অন্যদিকে রিসিট না পাওয়া নিয়ে অনিশ্চয়তা, সব মিলিয়ে SIR শুনানি (SIR Hearing ) কেন্দ্রগুলিতে প্রতিদিনই চাপে পড়ছেন সাধারণ নাগরিকরা।
সুপ্রিম কোর্ট সম্প্রতি SIR চলাকালীন আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কড়া নির্দেশ দিয়েছিল। আদালত জানিয়েছিল, প্রতিটি শুনানি কেন্দ্রে পর্যাপ্ত কর্মী ও পুলিশ মোতায়েন নিশ্চিত করতে হবে এবং কোথাও যেন আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে বিষয়ে DGP ও জেলা প্রশাসনকে নজর রাখতে হবে।
এই নির্দেশের এক দিনের মধ্যেই বাসন্তীর ঘটনায় ফের প্রশ্ন উঠছে SIR শুনানি কেন্দ্রগুলির নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


