Aaj India Desk,কলকাতা: দমবন্ধ করা গরমের মাঝেই মিলল স্বস্তির ইঙ্গিত। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে ঝড়-বৃষ্টির। সেই বৃষ্টির জেরেই কিছুটা কমবে গরমের অস্বস্তি। সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস। তবে উল্টোদিকে, বুধবারের পর থেকে উত্তরবঙ্গে ধীরে ধীরে কমবে ঝড়-বৃষ্টির ।
দক্ষিণবঙ্গে এখন গরমের সঙ্গে পাল্লা দিচ্ছে চরম অস্বস্তিও। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা। কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও ঘাম ঝরানো আবহাওয়া বজায় থাকবে। বাস্তব তাপমাত্রার চেয়েও বেশি গরম অনুভূত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।তবে স্বস্তির খবরও রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে।
পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বাড়বে ঝড়-বৃষ্টির প্রবণতা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা জোরালো।কলকাতাতেও আপাতত গরম ও ভ্যাপসা অস্বস্তি থেকে মিলছে না রেহাই। দিনের বেশিরভাগ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের মতে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে বাতাসে আর্দ্রতার জেরে গরম আরও বেশি অনুভূত হতে পারে কলকাতাবাসীর।


