Aaj India Desk, কলকাতা : শনিবার সকালে গড়িয়াহাটের একটি স্কুলে ঢুকেই থমকে যান শিক্ষক ও কর্মীরা। ছড়িয়ে-ছিটিয়ে ভাঙা চেয়ার-টেবিল, তছনছ ক্লাসরুম, ক্ষতিগ্রস্ত আসবাব, গোটা চত্বর যেন রাতের অশান্তির সাক্ষী। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সামনে আসে চাঞ্চল্যকর ছবি। ভোর সাড়ে ৪টে নাগাদ প্রধান ফটক টপকে খাস কলকাতার নামী কমলা চ্যাটার্জি গার্লস হাইস্কুলে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় একদল যুবক। ঘটনা ঘিরে আতঙ্কিত স্কুল পড়ুয়া ও শিক্ষকরা। (School Vandalism)
বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ভোরের দিকে কয়েকজন যুবক স্কুলের মূল ফটক টপকে ভিতরে প্রবেশ করে। এরপর তারা স্কুলের একটি অংশে ভাঙচুর চালায়। স্কুলের যে ভবনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পঠনপাঠন হয়, সেই ভাড়া নেওয়া অংশটিতেই মূলত ক্ষয়ক্ষতি হয়েছে। খবর দেওয়ার পরেই ঘটনাস্থলে উপস্থিত হন কলকাতা পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান তাঁরা। (School Vandalism)
বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা দেবযানী দাস বলেন, “সকালে স্কুলে এসে দেখা যায়, ঘরের সব কিছু ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। সিসি ক্যামেরায় পুরো ঘটনার স্পষ্ট রেকর্ডিং রয়েছে। আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। পাশাপাশি জেলা স্কুল পরিদর্শকের কাছেও বিষয়টি জানানো হয়েছে।”(School Vandalism)
ঘটনার খবর পৌঁছতেই নড়েচড়ে বসেছে শিক্ষা দপ্তর। জেলা স্কুলশিক্ষা দপ্তর জানিয়েছে, বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আগামী সোমবার প্রধানশিক্ষিকার সঙ্গে বৈঠক করে পরবর্তী প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে।
এই ঘটনায় স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। শহরের একটি নামী শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে ভোররাতে ঢুকে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের একাংশের মধ্যেও। এই ঘটনার পর সব সরকারি, বেসরকারি ও সহায়ক স্কুলের জন্য নিরাপত্তা সংক্রান্ত নতুন নির্দেশিকা প্রকাশ করা হতে পারে। এর আগে স্কুল শিক্ষা দপ্তর গত অক্টোবরে ১৮ দফা নির্দেশ জারি করেছিল। সেখানে সিসি টিভি ক্যামেরা, নিরাপত্তা প্রহরী , উঁচু পাঁচিল, শক্তিশালী গেট, লক সিস্টেম, সব শিক্ষক-কর্মীর পুলিশ ভেরিফিকেশন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ডিজাস্টার ম্যানেজমেন্টকে জরুরি বলে মন্তব্য করা হয়েছিল। এই নিয়মগুলি অনুসরণ করা সত্ত্বেও এহেন পরিস্থিতিতে চিন্তিত সাধারণ মানুষ।


