29 C
Kolkata
Monday, November 16, 2026
spot_img

৩৬টি মামলা, আরও এক পুলিশকর্মীকে খুনের ছক? কী পরিস্থিতিতে এনকাউন্টারে খতম রতন শেখ?

Aaj India Desk, বীরভূম: রাজ্যে ফের এনকাউন্টারের (Encounter) ঘটনা। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল রতন শেখের (Raton Sekh)। অভিযোগ, শুক্রবার রাতে শান্তিনিকেতনের লায়েক বাজারে কর্তব্যরত পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে (Biswajit Das) লক্ষ্য করে গুলি চালিয়েছিল সে। সেই ঘটনার পর থেকেই পলাতক ছিল রতন। অবশেষে ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই রবিবার সন্ধ্যায় পুলিশের অভিযানে মৃত্যু হল তার।

শুক্রবার রাতে শান্তিনিকেতন থানার অন্তর্গত লায়েক বাজার এলাকায় কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হন পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাস। গুলির আঘাতে গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর অভিযুক্ত রতন শেখের খোঁজে বীরভূমের বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। তবে প্রথম দিকে তার কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না।

শনিবার রাতে আহত পুলিশকর্মীকে দেখতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে বিশ্বজিৎ দাসের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী।

রতন শেখের বিরুদ্ধে একাধিক মামলার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী দাবি করেন, তার বিরুদ্ধে ৩৬টি মামলা ছিল। তাঁর বক্তব্য, ২০২৬ সালে ক্ষমতায় আসার পর বীরভূম পুলিশ তাকে গ্রেফতার করেছিল। অভিযুক্তকে তৃণমূল সমর্থিত দুষ্কৃতী বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে পুজোর সময় কীভাবে রতন জামিন পেল, তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। জামিনের পিছনে কারও ভূমিকা ছিল কি না, এমনকী সরকারি আইনজীবীর ভূমিকা খতিয়ে দেখার কথাও জানান তিনি।

এরপর রবিবার সন্ধ্যায় রতন শেখের খোঁজে অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে রতন। পাল্টা গুলি চালায় পুলিশ। সেই গুলির লড়াইয়েই মৃত্যু হয় তার।

এই ঘটনাকে ঘিরে রাজ্যে এনকাউন্টারের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচে। বারুইপুরের ঘটনার পর থেকে রাজ্যে একের পর এক এনকাউন্টারের ঘটনা সামনে এসেছে। লায়েক বাজারের এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করেছে পুলিশ। গোটা ঘটনার বিস্তারিত তদন্তও চলছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন