Aaj lndia Desk,কলকাতা: ভোট-পরবর্তী হিংসা, দলীয় নেতাদের উপর হামলা এবং হকার উচ্ছেদ অভিযানের প্রতিবাদে আগামীকাল কলকাতায় রাজপথে ধরনায় বসতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)।
প্রথমে ধর্মতলার রানি রাসমণি রোডে এই কর্মসূচির আয়োজন করার পরিকল্পনা ছিল। তবে পুলিশ সেখানে মঞ্চ নির্মাণের অনুমতি না দেওয়ায় কর্মসূচির স্থান পরিবর্তন করে ধর্মতলার ওয়াই-চ্যানেলে করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব।
দলীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ১টা থেকে দুঘণ্টার জন্য এই প্রতীকী ধরনার অনুমতি মিলেছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুলিশ যদি নির্ধারিত স্থানে কর্মসূচি করতে বাধা দেয়, তাহলে তিনি সেখানেই রাস্তায় বসে প্রতিবাদ শুরু করবেন।
তৃণমূলের দাবি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনা রাজনৈতিকভাবে খুবই উদ্বেগজনক।
এছাড়াও ভোট-পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলা ও নির্যাতনের অভিযোগ তুলেছে শাসকদল। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতারা। তাদের অভিযোগ।
অন্যদিকে, রাজ্যের বিভিন্ন এলাকায় বুলডোজার দিয়ে হকার উচ্ছেদের সিদ্ধান্তেরও তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। দলের মতে,ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের কর্ম রক্ষার জন্যই এই আন্দোলন।
আগামীকালের এই ধরনা ঘিরে আগাম রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।


