কলকাতা: বদলের বাংলায় নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনায় ঘরে ঘরে জ্বলবে ‘আশীর্বাদের দিয়া’! মোদীর (Narendra Modi) জন্মদিনে বাংলায় বিজেপির একমাসের মেগা প্ল্যান! একদিনের জন্মদিন উদ্যাপন নয়, টানা একমাসের জনসংযোগ! ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে বাংলায় ‘সেবা সংকল্প অভিযান’-এর ডাক দিয়েছে রাজ্য বিজেপি। আর এই অভিযানের সবচেয়ে বড় চমক, বুথে বুথে, পরিবারে পরিবারে জ্বলবে ‘আশীর্বাদের দিয়া’।
বিজেপির পরিকল্পনা, প্রতিটি প্রদীপ হবে মোদীর (Narendra Modi) ২৫ বছরের জনসেবার প্রতি কৃতজ্ঞতা এবং ‘বিকশিত ভারত ২০৪৭’-এর সংকল্পের প্রতীক। ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বুথ সদস্যরা সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের বাড়িতে গিয়ে প্রদীপ জ্বালানোর আমন্ত্রণ জানাবেন। WhatsApp-এ পৌঁছে যাবে ‘আশীর্বাদের দিয়া’ ভিডিওও। দিল্লিতে তৈরি মূল ভিডিও বাংলায় রূপান্তর করে প্রচার করা হবে।
তবে শুধু বাড়ির দরজায় নয়, এবার কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও নজর বিজেপির। তরুণদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি মোদীর (Narendra Modi) জনসেবামূলক কাজ ও ‘বিকশিত ভারত’-এর ভাবনা তুলে ধরা হবে। স্কুলে অঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতার পাশাপাশি কমিউনিটি হল ও জনবহুল এলাকায় হবে পথনাটক।
আরও রয়েছে ‘সেবা সেতু’ শিবির। সেখানে যোগ্য নাগরিকদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগী হিসেবে নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। পদযাত্রা, বাইক র্যালি, স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরও থাকছে কর্মসূচির তালিকায়। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়েও বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এই প্রথম মোদীর (Narendra Modi) জন্মদিনকে ঘিরে দল ও সরকারকে একসঙ্গে মাঠে নামানোর পরিকল্পনা। গোটা কর্মসূচির দায়িত্বে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়।


