Aaj India Desk,কলকাতা: রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফের চর্চার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে তিনি দল ছেড়ে যাওয়া বা দলবদলের জল্পনায় থাকা নেতাদের উদ্দেশে একাধিক প্রশ্ন তুলেছেন।
তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে বিতর্ক।পোস্টে কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, ভোটের ফল প্রকাশের পর হঠাৎ করে অনেক জনপ্রতিনিধির বিবেক কেন জেগে উঠল? যদি দলের নীতি বা কাজকর্ম নিয়ে এত আপত্তি থেকেই থাকে, তাহলে তাঁরা সেই দলের প্রার্থী হয়েছিলেন কেন?
তিনি আরও বলেন, দল ক্ষমতায় থাকাকালীন যাঁরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন, এখন দলের কঠিন সময়ে তাঁদের অনেকেই পাশে না থেকে অন্য শিবিরে যাওয়ার কথা বলছেন।কুণাল ঘোষের মতে, তৃণমূলের প্রতীক এবং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর জনপ্রিয়তাকে সামনে রেখেই বহু নেতা ভোটে জয়ী হয়েছেন।
পাশাপাশি তিনি আরো অভিযোগ করেন, কিছু নেতা প্রকাশ্যে এক কারণ দেখালেও আড়ালে অন্য কারণ আছে , যা মানুষ খুব ভালো করে বুঝতে পারছেন।তবে নিজের বক্তব্যে তিনি স্পষ্ট করেছেন যে, দলের বিরুদ্ধে অভিযোগ বা অভিমান থাকতেই পারে। কিন্তু কঠিন সময়ে দল এবং নেত্রীর পাশে থাকা উচিত বলেই তিনি মনে করেন। তাঁর কথায়, ভুল থাকলে তা সংশোধনের কথা বলা যাবে, কিন্তু এই সময়ে দল ছেড়ে যাওয়া তিনি সমর্থন করেন না।পোস্টের শেষে কুণাল ঘোষ জানান, তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র পাশেই থাকবেন। তিনি বলেন, ব্যক্তিগত অভিমানের চেয়ে দলের প্রতি কর্তব্য বড়।
তাঁর এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। কেউ তাঁর বক্তব্যকে দলের প্রতি কর্তব্য বলে মনে করছেন, আবার কেউ এটিকে দলবদলকারীদের বিরুদ্ধে কড়া রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন।


