Aaj lndia Desk,কলকাতা: বাংলা রাজনীতিতে অভিনেতাদের অংশগ্রহণ নতুন নয়। তবে অভিনেতা-সাংসদ দেব (Dev) এর রাজনৈতিক যাত্রা বরাবরই কিছুটা আলাদা। তিনি একদিকে যেমন জনপ্রিয় অভিনেতা, অন্যদিকে নির্বাচিত জনপ্রতিনিধি। এই দুই পরিচয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখেই তিনি নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। আর সেই কারণেই নতুন সরকার ও বাংলা সিনেমা জগৎ নিয়ে তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।
শুক্রবার রাতে ফেরা ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়ে দেব বলেন, নতুন সরকারকে কাজের সুযোগ ও সময় দেওয়া উচিত। তাঁর মতে, কোনও প্রশাসনের কার্যকারিতা বিচার করতে গেলে ধৈর্য প্রয়োজন। মন্ত্রিসভা এখনও পুরোপুরি গঠিত হয়নি, বিভিন্ন নীতিগত সিদ্ধান্তও প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ফলে অল্প সময়ের মধ্যে ফলাফল আশা করা বাস্তবসম্মত নয় বলেই মনে করেন তিনি।
তবে সবচেয়ে বেশি নজর কাড়ে বাংলা চলচ্চিত্র শিল্প নিয়ে তাঁর মন্তব্য। দেব জানান, নতুন সরকারের আমলে ইন্ডাস্ট্রির জন্য আরও ইতিবাচক পরিবেশ তৈরি হবে বলে তিনি আশাবাদী। একইসঙ্গে ইঙ্গিতপূর্ণভাবে বলেন, আগের সরকারের সময়ে তিনি যে ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিলেন, অন্তত সেই পরিস্থিতি এবার আর হবে না বলেই তাঁর বিশ্বাস।
দেবের এই বক্তব্য ঘিরে টলিউডের অন্দরমহলেও আলোচনা শুরু হয়েছে। কারণ, রাজনৈতিক মতামত ভিন্ন হলেও বিভিন্ন শিল্পীর সঙ্গে কাজ করার ক্ষেত্রে তিনি বরাবরই পেশাদারিত্বকে প্রাধান্য দিয়েছেন। রাজনৈতিক বিভাজনের আবহেও সম্পর্ক ও কাজকে আলাদা রাখার চেষ্টা করেছেন তিনি।
সরকার পরিবর্তনের পরও দেব বারবার সহযোগিতার বার্তা দিয়েছেন। ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে যে কোনও সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।


