Aaj India Desk, কলকাতা: শনিবার নিউ টাউনে আয়োজিত ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান ২০২৬’ অনুষ্ঠানে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে রাজ্যের শিক্ষা ব্যবস্থা—একাধিক বিষয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শিক্ষক দিবসের (Teachers’ Day) অনুষ্ঠানে তিনি জানান, আদালতের নির্দেশ ও আইনের নিয়ম মেনেই রাজ্যে দ্রুত শিক্ষক নিয়োগের (Teacher Recruitment) প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। একইসঙ্গে নিয়োগে কোনও ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট করে দেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, শিক্ষক নিয়োগের জন্য এসএসসি (SSC) ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। তাঁর কথায়, শুধুমাত্র মোবাইলে কোনও মেসেজ এলেই চাকরি পাওয়ার দিন শেষ। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং যোগ্যতার ভিত্তিতেই নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশিকা মেনেই গোটা প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার নম্বর নিয়েও নিজের মতামত জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগে মৌখিক পরীক্ষায় তুলনামূলক বেশি নম্বর রাখার কারণে পছন্দের প্রার্থীদের সুবিধা করে দেওয়ার সুযোগ তৈরি হয়েছিল। তাই ইন্টারভিউয়ের নম্বর কমিয়ে লিখিত পরীক্ষার মেধাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য এসএসসিকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তবে শুধু শিক্ষক নিয়োগ নয়, রাজ্যের পড়াশোনার বিষয়বস্তুতেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, পাঠ্যক্রমে রাজনৈতিক বিতর্কের বিষয়কে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে রাজ্যের ইতিহাস, দেশপ্রেম এবং স্বাধীনতা সংগ্রামীদের অবদান আরও বেশি করে পড়ানো দরকার। মাতঙ্গিনী হাজরার মতো স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের জানানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষার মান উন্নত করার লক্ষ্যও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বর্তমানে শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে ৩১ নম্বর অবস্থানে রয়েছে। আগামী তিন বছরের মধ্যে পরিকল্পিতভাবে কাজ করে রাজ্যকে দেশের সেরা দশের মধ্যে নিয়ে আসাই সরকারের লক্ষ্য।


