32 C
Kolkata
Saturday, August 15, 2026
spot_img

দুই শিবিরের দুই কর্মসূচি, দুই জায়গাতেই হাজির কুণাল! বিদ্রোহীদের সামনে মমতার পক্ষেই সওয়াল

Aaj India Desk, কলকাতা: স্বাধীনতা দিবসের (Independence Day) কর্মসূচিতেও প্রকাশ্যে এল তৃণমূলের (TMC) অভ্যন্তরীণ বিভাজন। একদিকে বাইপাসের ধারে পুরনো তৃণমূল ভবনের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী (Mamata Banerjee) শিবিরের পক্ষ থেকে দোলা সেনরা (Dola Sen) জাতীয় পতাকা উত্তোলন করেন। অন্যদিকে মেট্রোপলিটনের দফতরে পৃথকভাবে পতাকা তোলেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ রায়রা। এই দুই কর্মসূচিতেই উপস্থিত ছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুধু উপস্থিত থাকাই নয়, মেট্রোপলিটনের অনুষ্ঠানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের পক্ষেও কথা বলেন তিনি।

বাইপাসের ধারে তৃণমূল ভবনে পতাকা উত্তোলনের পর মেট্রোপলিটনের দিকে যাচ্ছিলেন কুণাল। মেট্রোপলিটন এলাকার একটি অংশ তাঁর বিধানসভা কেন্দ্র বেলেঘাটার মধ্যে পড়ে। বর্তমানে ওই দফতর ঋতব্রতপন্থী তৃণমূলের নিয়ন্ত্রণে। সেখানে পৌঁছে গাড়ি থামিয়ে অনুষ্ঠানে যোগ দেন কুণাল।

কেন সেখানে গেলেন, তার ব্যাখ্যাও নিজেই দিয়েছেন বেলেঘাটার বিধায়ক। তাঁর কথায়, “আমার কেন্দ্রে, আমার দলের নামে পতাকা উত্তোলন হচ্ছে, তাই নেমেছি।” এরপর মাইক হাতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুণাল। তাঁর বক্তব্যে মূলত তিনটি বিষয় উঠে আসে। প্রথমত, তিনি একাধিকবার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল চলছে। পাশাপাশি নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্যের প্রসঙ্গ তুলে তাঁর গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেন তিনি।

কুণালের এভাবে আচমকা অনুষ্ঠানে যোগ দেওয়া কিছুটা অপ্রত্যাশিত ছিল বিদ্রোহী শিবিরের কাছে। যদিও তাঁর বক্তব্যকে ব্যক্তিগত মত হিসেবেই দেখাতে চেয়েছে ঋতব্রতপন্থী তৃণমূল। দলের বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ শান্তনু সেন বলেন, “মেট্রোপলিটন অফিসে স্বাধীনতা দিবস উদযাপনের সময় হঠাৎ করেই স্থানীয় বিধায়ক কুণাল ঘোষ এসে উপস্থিত হন। শহিদবেদীতে তাঁকে মাল্যদান করতে বলেন সঞ্চালক। তারপর বিপ্লব মিত্র সৌজন্য দেখিয়ে তাঁকে বলতে বলেন। উনি কী বলেছেন সেটা ওঁর ব্যক্তিগত বিষয়।”

অন্যদিকে, কুণালের শিবির এই ঘটনাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই দেখছে। তাঁদের বক্তব্য, তৃণমূলের অন্দরে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে টানাপোড়েন চলছে, তখন বিদ্রোহী শিবিরের সামনেই মমতার নেতৃত্বের পক্ষে কুণালের সরব হওয়া রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। গত কয়েক মাসের মধ্যে ঘটনাটিকে অন্যতম উল্লেখযোগ্য বলেও মনে করছে তাঁর ঘনিষ্ঠরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন