Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: বাংলায় ভোট (Vote) মানেই যেন এক উৎসবের আমেজ। আর সেই উৎসবে ভোট প্রচারও হয়ে ওঠে আলাদা আকর্ষণ। কেউ রান্নাঘরে গিয়ে খুন্তি নাড়ছেন, কেউ বাড়ি রং করছেন, কেউ গোয়ালঘরে ঢুকে গরুর খোঁজ নিচ্ছেন, আবার কেউ শিলনোড়ায় বাটনা বাটছেন। প্রত্যেকের কাজ ভিন্ন হলেও উদ্দেশ্য কিন্তু একটাই-জনগণের কাছের মানুষ হয়ে ওঠা।
তবে এই চেনা ছবির বাইরে গিয়ে একেবারে অন্যভাবে নজর কাড়লেন বীজপুরের বিজেপি (BJP) প্রার্থী সুদীপ্ত দাস (Sudipta Das)। ২৩ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়ে তিনি সরাসরি ঢুকে পড়লেন মদ ও জুয়ার আড্ডায়।
এদিন এলাকায় প্রচার চালাচ্ছিলেন সুদীপ্ত দাস। হঠাৎই তাঁর নজরে আসে একটি গোপন জায়গা, যেখানে প্রকাশ্যেই বসেছিল মদের আসর ও জুয়ার বোর্ড। প্রার্থীকে সামনে দেখেই তাস, বোতল ও গ্লাস ফেলে মুহূর্তে পালিয়ে যান সেখানে থাকা লোকজন। সুদীপ্ত দাসের এই কড়া ভূমিকায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশ বিষয়টিকে ভালো চোখে দেখলেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
যদিও বাংলার ভোটে প্রার্থীদের নানা রূপ নতুন কিছু নয়। কেউ মাথায় কাঠের বোঝা তুলে মানুষের কষ্ট বোঝানোর চেষ্টা করেন, কেউ আবার রাস্তার ধারের দোকানে ঝালমুড়ি মেখে ভোটারদের মন জয়ের চেষ্টা করেন। বিরোধীদের অভিযোগ, মানুষের আসল সমস্যা সমাধান না করে এই ধরনের প্রচারমূলক কাজ শুধু ভোটারদের দৃষ্টি ঘোরানোর কৌশল।
উল্লেখ্য, বিজেপি প্রার্থীর এই মদের ঠেকে অভিযান নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস (TMC)। শাসক দলের দাবি, পুরো ঘটনাই আগে থেকে সাজানো নাটক। তাদের বক্তব্য, তৃণমূলের প্রার্থীরা প্রতিদিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে যোগাযোগ রাখছেন, আর বিজেপি শুধুমাত্র প্রচার পাওয়ার জন্য এমন নাটকীয় ঘটনা ঘটাচ্ছে। তৃণমূলের দাবি, “সবটাই পরিকল্পনা করে করা হয়েছে, যাতে সংবাদমাধ্যমে শিরোনাম পাওয়া যায়।”
সব মিলিয়ে বাংলার ভোটের ময়দান এখন নানা রঙে ভরা। কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসি কাদের মুখে ফুটবে, তা সময়ই বলবে। তবে প্রার্থীদের এই ভিন্নধর্মী প্রচার যে সাধারণ মানুষকে ভালোই বিনোদন দিচ্ছে, তা বলাই যায়।


