26 C
Kolkata
Monday, August 17, 2026
spot_img

তারাপীঠে ভয়াবহ আগুন, চারতলা হোটেলে আটকে পড়ে মৃত্যু ৫ পুণ্যার্থীর

Aaj India Desk , বীরভূম: শ্রাবণ মাসের শেষ সোমবারে তারাপীঠে পুজো দিতে এসে মর্মান্তিক পরিণতি হল কয়েকজন পুণ্যার্থীর। সোমবার ভোররাতে বীরভূমের তারাপীঠ থানার কাছের একটি চারতলা হোটেলে ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন।

শ্রাবণের শেষ সোমবার উপলক্ষে রবিবার থেকেই তারাপীঠ মন্দিরে ভক্তদের ব্যাপক ভিড় জমেছিল। সেই কারণে থানার কাছাকাছি ওই হোটেলটিতেও বহু পুণ্যার্থী ছিলেন। অধিকাংশ আবাসিক তখন গভীর ঘুমে ছিলেন।

রিসেপশন থেকে আগুন, মুহূর্তে ছড়াল চারতলায়

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাত প্রায় ৪টে নাগাদ হোটেলের নিচের তলায় থাকা রিসেপশন এলাকায় আগুন দেখতে পাওয়া যায়। চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ে হোটেলের উপরের তলাগুলিতেও। ঘর ও সিঁড়ি দ্রুত ঘন কালো ধোঁয়ায় ভরে যাওয়ায় ভিতরে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন।প্রাণ বাঁচাতে অনেকে হোটেল থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। আগুন ও ধোঁয়ার জেরে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।

উদ্ধারকাজে নেমে পড়ে পুলিশ-দমকল

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি হোটেলের বিভিন্ন ঘর ও নিচের অংশে তল্লাশি চালানো হয়। ঘন ধোঁয়ার কারণে উদ্ধারকারীদেরও ভিতরে ঢুকতে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয়। আহত ও ধোঁয়ায় অসুস্থ ৫ জনকে উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

শর্ট সার্কিটই কি আগুনের কারণ?

হোটেল মালিকের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথেষ্ট ছিল কি না এবং আগুন এত দ্রুত কীভাবে চারতলা পর্যন্ত ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ। হোটেলের ভিতরে আর কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত করতে তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন