কলকাতা: সকালে বাড়ির সামনে ডিম হাতে বিক্ষোভ। উঠছে ‘চোর চোর’ স্লোগান। আর কয়েক ঘণ্টা পরেই বিধানসভায় গিয়ে ‘আসল তৃণমূল’-এর নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করমর্দন! শেষ পর্যন্ত জল্পনায় সিলমোহর দিয়ে তাপস চট্টোপাধ্যায় (Tapas Chatterjee) নিজেই জানিয়ে দিলেন, তিনি এখন ঋতব্রত শিবিরের সদস্য।
রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হলেও বিজেপির কাছে পরাজিত হন। ভোটের পর কিছুদিন তাঁকে (Tapas Chatterjee) প্রতিবাদ কর্মসূচিতে দেখা গেলেও পরে কার্যত জনসমক্ষে খুব একটা সক্রিয় ছিলেন না। এদিকে এলাকায় তাঁর বিরুদ্ধে দুর্নীতি, জমি দখল, কাটমানি ও গুন্ডারাজের অভিযোগ তুলে ক্ষোভ বাড়তে থাকে।
শুক্রবার জনতার সেই ক্ষোভ পৌঁছে যায় তাপসের দরজায়। নারায়ণপুরের লালকুঠির প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে ওঠে ‘চোর চোর’ স্লোগান! তাঁকে ‘ডিম থেরাপি’ দিতে অপেক্ষা করতে থাকেন বিক্ষুব্ধ জনতা। ওঠে গ্রেফতারির দাবীও। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এর কয়েকঘন্টা পর দুপুরেই তাপস চট্টোপাধ্যায়কে (Tapas Chatterjee) দেখা যায় বিধানসভায়। ঋতব্রত-সন্দীপনের সঙ্গে সাক্ষাতের পর নিজেই জানান, কালীঘাট তৃণমূল ছেড়ে তিনি ‘আসল তৃণমূলে’ যোগ দিয়েছেন।
প্রসঙ্গত, ছাব্বিশের ভোটে পালাবদলের পর প্রাক্তন শাসকদলের নেতা-মন্ত্রীদের সুযোগ পেলেই ‘ডিম থেরাপি’ দিচ্ছে জনতা। স্বয়ং ‘যুবরাজ’ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক নেতা ডিম থেরাপি খেয়েছেন। এমনকি ‘ডিম থেরাপির’ ভয়ে আদালতে পর্যন্ত যাওয়ার জন্য সুরক্ষা চাইছেন অনেকে। এই আবহে, তাপসের দলত্যাগ নিয়ে অনেকেই মশকরা করে বলছেন, ডিম থেরাপির ভয়েই শিবির বদলালেন রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক (Tapas Chatterjee)!


