Aaj India Desk, কলকাতা : নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্য ও সোশ্যাল মিডিয়া পোস্টের অভিযোগ ঘিরে তৈরি হয়েছিল তীব্র বিক্ষোভ ও সমালোচনা। এবার সেই সমালোচনার জেরে নিজের দলের নেতা-কর্মীদেরই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, নেতাজিকে নিয়ে ‘অপমানজনক, মিথ্যা ও কুৎসামূলক প্রচার’ করা হলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তাঁর কথায়, পোস্ট মুছে ফেললেই রেহাই মিলবে না। তাঁর এই মন্তব্যের পরেই রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজকে (Ananta Maharaj) গ্রেপ্তার করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’
মুখ্যমন্ত্রী বলেন, নেতাজিকে অসম্মান করে সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোথাও কোনো প্রচার চালানো যাবে না। এই ধরনের পোস্ট চোখে পড়লেই পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অভিযুক্তদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে পোস্ট দেওয়ার পাশাপাশি আপত্তিকর পোস্ট সরানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে পোস্ট মুছে ফেললেই বিষয়টির নিষ্পত্তি হবে না বলে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, নির্দিষ্ট নিয়ম মেনেই পুলিশ ব্যবস্থা নেবে এবং এই বিষয়ে পুলিশ নিজের মতো করে সিদ্ধান্ত নেবে। কোনো দলের ক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া হবে না এবং কারও হস্তক্ষেপ থাকবে না বলেও জানিয়ে দেন তিনি।
অনন্ত মহারাজের মন্তব্য ঘিরেই বিতর্ক
সম্প্রতি নেতাজিকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ (Ananta Maharaj)। তিনি দাবি করেন, জার্মানির হাতে বন্দি ব্রিটিশ ভারতীয় সেনাদের নেতাজির হাতে তুলে দেওয়া হয়েছিল এবং সেই সেনাদের নিয়েই আজাদ হিন্দ ফৌজ গড়ে ওঠে। তাঁর অভিযোগ, নেতাজি সেই সুযোগের ‘অপব্যবহার’ করেছিলেন। স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু বা কংগ্রেসের ভূমিকার পাশাপাশি কোচবিহারের মহারাজার ভূমিকাকেও যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
তবে এর মধ্যে কোথাও অনন্ত মহারাজের (Ananta Maharaj) নাম করে আলাদা কোনও আইনি শাস্তির কথা ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, শুভেন্দু অধিকারী ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়’ মন্তব্য করে আসলে অনন্ত মহারাজের দিকেই ইঙ্গিত করেছেন। ফলে অনন্ত মহারাজের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ নেবে কিনা তা নিয়েই এখন চলছে জোর জল্পনা।


