29 C
Kolkata
Tuesday, September 15, 2026
spot_img

দেবের বাড়িতে সুকান্ত মজুমদার, একসঙ্গে হাসিমুখে দুই সাংসদ! তবে কি বদলাচ্ছে সমীকরণ?

Aaj India Desk, কলকাতা: প্রতি বছরের মতো এ বারও নিজের বাড়িতে গণেশ পুজোর আয়োজন করেছিলেন সাংসদ-অভিনেতা দেব (Dev)। তাঁর বাড়ির এই পুজোয় প্রতি বছরই টলিউডের বহু তারকার দেখা মেলে। তবে এ বার সেই তালিকায় রাজনৈতিক মুখ যোগ হওয়ায় পুজো ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

দেবের আমন্ত্রণে তাঁর বাড়ির গণেশ পুজোয় হাজির হন বিজেপি (BJP) সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। বর্তমানে রাজ্য রাজনীতিতে তৃণমূল ও বিজেপির মধ্যে যখন টানাপোড়েন চলছে, তখন শাসকদলের সাংসদ দেব এবং বিজেপির গুরুত্বপূর্ণ নেতা সুকান্তকে একসঙ্গে দেখা যাওয়ায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা।

পুজোর অনুষ্ঠানে দেবের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় সুকান্তকে। দেবের বাবা গুরুপদ অধিকারীর সঙ্গেও কথা বলেন তিনি। এ দিন হলুদ পাঞ্জাবি পরে সুকান্তের পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবিও তোলেন দেব। সেই ছবি সামনে আসতেই সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল—সব জায়গাতেই শুরু হয় নানা জল্পনা। প্রশ্ন ওঠে, তবে কি দেবের সঙ্গে বিজেপির দূরত্ব কমছে?

তবে এই ধরনের রাজনৈতিক জল্পনায় জল ঢেলে দিয়েছেন খোদ সুকান্ত মজুমদার। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, দেবের বাড়িতে তাঁর যাওয়া নিয়ে কোনও রাজনৈতিক অর্থ খোঁজা উচিত নয়। তাঁর দাবি, দেবের সঙ্গে তাঁর সম্পর্ক বহুদিনের। সুকান্ত জানান, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় দেব তৃণমূলের হয়ে তাঁর কেন্দ্রে প্রচারে গিয়েছিলেন। সেই সময়ও প্রকাশ্য মঞ্চে দেব তাঁদের ব্যক্তিগত সম্পর্ক ভালো বলে জানিয়েছিলেন। দেবের সেই উদার মানসিকতার কথাও উল্লেখ করেন সুকান্ত।

কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, দেব তাঁর কাছে ছোট ভাইয়ের মতো। বয়সে কিছুটা বড় হওয়ার কারণে তিনি নিজেকে দেবের দাদা বা বন্ধুর জায়গাতেই মনে করেন। আর সেই ব্যক্তিগত সম্পর্কের কারণেই দেবের আমন্ত্রণে পুজোর দ্বিতীয় দিনে তাঁর বাড়িতে গিয়েছিলেন বলে জানান সুকান্ত। ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানের সঙ্গে রাজনীতিকে না মেশানোর পক্ষেও বার্তা দেন তিনি। তাঁর মতে, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও ব্যক্তিগত সম্পর্ক এবং সামাজিক সৌজন্য বজায় রাখা সম্ভব।

প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই নিজের বাড়িতে জাঁকজমক করে গণেশ চতুর্থী পালন করেন দেব। এ বার সেই পুজোয় সুকান্ত মজুমদারের উপস্থিতি নতুন করে রাজনৈতিক আলোচনা তৈরি করলেও, দেব ও সুকান্তের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ছবি নেটিজেনদের নজর কেড়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন