বীরভূম: নাম ছিল ‘নেতাজি সুভাষ রোড’ (Netaji Subhash Chandra Bose)। আচমকাই রাস্তার ধারে দেখা গেল নতুন গেরুয়া নামফলক, ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী রোড’। আর সেই ফলক উদ্বোধনে উপস্থিত স্থানীয় বিজেপি বিধায়ক। ব্যস, নামবদল ঘিরে শুরু রাজনৈতিক তরজা।
রামপুরহাট পুরসভার পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে পরিচিত। কিন্তু সম্প্রতি সেই রাস্তার ধারে বসেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নতুন ফলক। শুধু নামফলক নয়, শ্যামাপ্রসাদের মূর্তিও বসানো হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার সময় উপস্থিত ছিলেন এলাকার বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। ফলে প্রশ্ন আরও জোরালো, তাহলে কি সত্যিই বদলে গেল নেতাজির (Netaji Subhash Chandra Bose) নামে থাকা রাস্তার নাম?
তবে এখানেই গল্পে বড় ‘টুইস্ট’। রামপুরহাট পুরসভার দাবি, রাস্তার নাম পরিবর্তনের জন্য কোনও অনুমতিই দেওয়া হয়নি। পুরসভা সূত্রে খবর, নাম বদলাতে হলে প্রথমে পুরবোর্ডে প্রস্তাব পাশ করতে হয়। এরপর প্রয়োজন রাজ্য প্রশাসনের অনুমোদনও। অথচ সেই প্রক্রিয়া ছাড়াই কীভাবে নতুন নামফলক এল, তা নিয়েই প্রশ্ন উঠেছে।
পুরসভার চেয়ারম্যানের বক্তব্য, বিধায়ক এককভাবে রাস্তার নাম পরিবর্তন করতে পারেন না। অন্যদিকে বিজেপি বিধায়কের দাবি, পুরসভার নথিতে ওই রাস্তার নাম নিয়ে নির্দিষ্ট তথ্যই ছিল না। তাঁর আরও দাবি, নামফলক উদ্বোধনের সময় পুর চেয়ারম্যানও উপস্থিত ছিলেন এবং তখন কোনও আপত্তি তোলা হয়নি। একইসঙ্গে নেতাজির (Netaji Subhash Chandra Bose) প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। অর্থাৎ, একই ঘটনার দুই ব্যাখ্যা, এক পক্ষের দাবি নামবদলই হয়নি, অন্য পক্ষের দাবি পুরসভার সামনেই হয়েছে নামকরণ!
ঘটনার নেপথ্যে আরও একটি রাজনৈতিক ইঙ্গিত দেখছেন অনেকে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথিকে ঘিরেই নতুন নামফলক বসানো হয়েছিল। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর বিভিন্ন জায়গায় রাস্তা ও এলাকার নাম বদল নিয়ে ‘গৈরিকীকরণ’-এর অভিযোগ উঠেছে। নেতাজির (Netaji Subhash Chandra Bose) ‘অসম্মান’ নিয়েও বর্তমানে অস্বস্তিতে বিজেপি। এই আবহেই রামপুরহাটের এই ঘটনা সেই বিতর্কেই নতুন মাত্রা যোগ করেছে।
এদিকে কংগ্রেস ও সিপিআইএম ইতিমধ্যেই নামবদলের বিরোধিতা করেছে। তাদের দাবি, রাস্তার নাম ফের ‘নেতাজি সুভাষ রোড’ (Netaji Subhash Chandra Bose) করা হোক। এখন আসল প্রশ্ন একটাই, নামফলক বদলেছে, নাকি সত্যিই বদলেছে রাস্তার সরকারি নাম? পুরসভার অনুমোদন ছাড়া যদি নামফলক বসেই থাকে, তাহলে সেটি সরবে কি? আর যদি নামকরণ হয়ে থাকে, তবে সেই অনুমোদন এল কোথা থেকে? রামপুরহাটের তিন কিলোমিটারের এই রাস্তা তাই এখন শুধু যাতায়াতের পথ নয়! নাম, ইতিহাস আর রাজনীতির তিনমুখী লড়াইয়ের নতুন মঞ্চ।


