Aaj lndia Desk, কলকাতা: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) কে টানা দ্বিতীয়বার আইপিএল শিরোপা জেতানোর পরও ভারতীয় টি-২০ দলে জায়গা পেলেন না রজত পাটিদার (Rajat Patidar)। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতীয় দলে যেমন তাঁর নাম নেই, তেমনই আসন্ন এশিয়ান গেমসের স্কোয়াড থেকেও বাদ পড়েছেন তিনি। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটমহলে শুরু হয়েছে আলোচনা।
এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন পাটিদার। পুরো টুর্নামেন্টে তিনি ৫০১ রান করেন এবং তাঁর স্ট্রাইক রেট ছিল ১৯২.৬৯। এছাড়া ৩০টি চার ও ৪২টি ছক্কা হাঁকিয়ে তিনি দলের অন্যতম ভরসার ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করেন। বিশেষ করে মাঝের ওভারে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং নজর কেড়েছে। ফলে জাতীয় দলে তাঁর সুযোগ না পাওয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
দল ঘোষণার পর বিষয়টি নিয়ে মুখ খোলেন প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)। তিনি জানান, অনেক ক্রিকেটারের নাম নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু দলে মাত্র ১৫ জনকেই রাখা সম্ভব। তাঁর মতে, ভারতের ক্রিকেটে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই এবং সবাইকে একসঙ্গে সুযোগ দেওয়াও সম্ভব নয়। নির্বাচকরা বর্তমান দলকেই ঠিক বলে মনে করেছেন।
অন্যদিকে, আইপিএলে ৭৩২ রান করেও টি-২০ দলে জায়গা পাননি গিল ( Shubman Gill)। তবে বোর্ড সূত্রে জানা গিয়েছে, এটি পারফরম্যান্সের কারণে নয়। আগামী ১৮ মাসে ভারতের সামনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং একদিনের বিশ্বকাপ। সেই কারণেই শুভমানকে সীমিত ফরম্যাটের পরিবর্তে টেস্ট ও একদিনের ক্রিকেটে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে।
ফলে পাটিদার ও শুভমানের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও, নির্বাচকদের দাবি ভবিষ্যতের পরিকল্পনা মাথায় রেখেই এই দল গঠন করা হয়েছে। এখন দেখার, নতুন নেতৃত্বে ভারতীয় টি-২০ দল কতটা সফল হয়।


