Aaj India Desk, নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় রিলস (Reels) বানানো, ভিডিও পোস্ট করা কিংবা বিভিন্ন বিষয়ে নিজের মতামত জানানো এখন মানুষের দৈনন্দিন অভ্যাসের অংশ। কিন্তু সরকারি চাকরিজীবীদের (Government Employees) ক্ষেত্রে এই বিষয়েই এবার নিয়ম আরও কঠোর করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার (Central Government)।
সরকারি আধিকারিক ও কর্মীরা সোশ্যাল মিডিয়ায় কী ধরনের পোস্ট করতে পারবেন, কোন ধরনের কনটেন্ট থেকে দূরে থাকতে হবে—এসব বিষয় স্পষ্ট করে একটি নতুন ‘সোশ্যাল মিডিয়া কোড অব কনডাক্ট’ বা আচরণবিধি তৈরির পরিকল্পনা করা হচ্ছে। জানা গিয়েছে, শীর্ষস্তরের বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) প্রবীণ আমলাদের এই বিষয়ে একটি সার্বিক নির্দেশিকা তৈরির সম্ভাবনা খতিয়ে দেখতে বলেছেন।
কেন প্রয়োজন হচ্ছে নতুন নিয়ম?
কেন্দ্রের নজরে এসেছে, সাম্প্রতিক সময়ে বেশ কিছু সরকারি কর্মী এবং তরুণ আমলা তাঁদের সরকারি দায়িত্ব পালন করার সময় কিংবা সরকারি পদমর্যাদাকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় রিলস, ছবি ও বিভিন্ন পোস্ট করছেন। অনেক ক্ষেত্রেই সরকারি কাজকে কেন্দ্র করে ব্যক্তিগত প্রচারের প্রবণতা দেখা যাচ্ছে।
কেন্দ্রের মতে, সরকারি দায়িত্বে থাকা কোনও ব্যক্তির অতিরিক্ত আত্মপ্রচার তাঁর পেশাগত মর্যাদা ও দায়িত্ববোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই কারণেই সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে কী করা যাবে এবং কী করা যাবে না, তা স্পষ্ট করার প্রয়োজন তৈরি হয়েছে।
বর্তমানে সরকারি কর্মীদের জন্য বিভিন্ন সার্ভিস রুলস ও আচরণবিধি রয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহারের বিষয়ে নির্দিষ্ট এবং বিস্তারিত নিয়ম এখনও নেই। এই জায়গাটিই নতুন নীতিমালার মাধ্যমে স্পষ্ট করতে চাইছে কেন্দ্র।
তবে নতুন নিয়ম ঠিক কবে থেকে কার্যকর হবে, কিংবা কোন কোন বিষয় নিষেধাজ্ঞার আওতায় আসবে, তা এখনও চূড়ান্ত হয়নি। নিয়ম চালু হলে পদ বা পদমর্যাদা নির্বিশেষে সরকারি কর্মী ও আধিকারিকদের তা মেনে চলতে হতে পারে।
ডিজিটাল প্ল্যাটফর্মেও কড়া হচ্ছে নিয়ম
সরকারি কর্মীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের পাশাপাশি ডিজিটাল কনটেন্ট নিয়েও নিয়ম আরও কঠোর করছে কেন্দ্র। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক বা MeitY-এর নতুন নিয়ম অনুযায়ী, আদালত বা সরকারি কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পর বেআইনি কনটেন্ট সরানোর জন্য প্ল্যাটফর্মগুলিকে আগের ৩৬ ঘণ্টার পরিবর্তে মাত্র ৩ ঘণ্টা সময় দেওয়া হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ছবি ও ভিডিও নিয়েও থাকছে বিশেষ নজর। এ ধরনের কনটেন্টে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে সেটি AI-generated। পাশাপাশি কনটেন্টের উৎস শনাক্ত করা যায়, এমন ট্রেসেবল মেটাডেটা রাখার ব্যবস্থাও বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।
এক প্ল্যাটফর্মেই মিলবে সরকারি পরিষেবা
আমলাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সরকারি পরিষেবাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করার ওপরও গুরুত্ব দিয়েছেন। এই লক্ষ্যেই ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রককে দ্রুত ‘এক ভারত’ (Ek Bharat) পোর্টাল চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ডিজিটাল প্ল্যাটফর্মে একটি মাত্র ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করেই নাগরিকরা সরকারের বিভিন্ন পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ, একাধিক সরকারি পরিষেবার জন্য আলাদা আলাদা প্ল্যাটফর্মে ঘোরার বদলে একটি জায়গা থেকেই পরিষেবাগুলি ব্যবহারের ব্যবস্থা করার লক্ষ্য নেওয়া হচ্ছে।


