কলকাতা: তারাপীঠ-নিউ মার্কেটের আগুনের ক্ষত এখনও তাজা! এরই মধ্যে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ তথা ব্যস্ত স্টেশন শিয়ালদহে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড (Sealdah station fire)! সোমবার সকালে শিয়ালদহ স্টেশন চত্বরে ফুড প্লাজার তিনটি দোকানে বিধ্বংসী আগুনের ঘটনাই নতুন করে প্রশ্ন তুলছে, অগ্নি নিরাপত্তা নিয়ে এখনও কি যথেষ্ট সতর্ক হয়নি কলকাতা?
দমকল সূত্রের দাবি, খবর পেয়েই তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায় এবং যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। তবে অভিযোগ, স্টেশন (Sealdah station fire) চত্বরের পাইপলাইন থেকে এক ফোঁটা জলও মেলেনি। ফলে দমকলের নিজস্ব জল ব্যবহার করেই খাবারের দোকানের আগুন নিয়ন্ত্রণে আনতে হয়েছে, যা উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়ায়।
অন্যদিকে, ঘটনাস্থলে পৌঁছে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা দমকলের অভিযোগ প্রাথমিকভাবে খারিজ করে দেন। তাঁর বক্তব্য, পূর্ণাঙ্গ তদন্তের আগে কোনও সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। তিনি জানান, এটি ভয়াবহ অগ্নিকাণ্ড (Sealdah station fire) নয়; মূলত ঘন ধোঁয়ার জেরেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।
সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, গত বছরও ঠিক এই একই দোকানে আগুন লেগেছিল। বছর ঘুরতেই ফের একই জায়গায় অগ্নিকাণ্ড ঘিরে উঠছে একের পর এক প্রশ্ন। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে দোকানটি, ভেঙে পড়েছে চিমনি। দোকানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা আদৌ ছিল কি না, তাও খতিয়ে দেখছে দমকল।
ডিআরএম জানিয়েছেন, দোকান মালিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছে। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনও গাফিলতি? তদন্তেই মিলবে সেই উত্তর।


