নয়াদিল্লি: বাড়তে থাকা মূল্যবৃদ্ধির সঙ্গে মোকাবিলা করতে নাজেহাল সবাই, এই অবস্থায় প্রয়োজন অতিরিক্ত অর্থ। বকেয়া মহার্ঘ ভাতার (DA) দাবীতে ত্রাহিমাম ত্রাহিমাম করছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। এই অবস্থায় ফের কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর! পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগেই প্রায় ২% বৃদ্ধি পেল কেন্দ্রের ডিএ বা মহার্ঘ্য ভাতা (DA)।
আজ, অর্থাৎ শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে এই তথ্য দেওয়া হয়েছে। ফলে ডিএ বর্তমানে ৫৮% থেকে বেড়ে ৬০% হল। এই বৃদ্ধি কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৬ থেকে। অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাসের বকেয়া সহ এপ্রিলের বেতনের সঙ্গে বর্ধিত ডিএ পাবেন কেন্দ্র সরকারি কর্মীরা।
অন্যদিকে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ এখনও ২২%-এ আটকে রয়েছে। এছাড়াও বেশ কিছু বছরের ডিএ (DA) বকেয়া। এই বকেয়া নিয়ে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিলেও তা এখনও কার্যকর হয়নি। অন্তর্বর্তী বাজেটে যদিও ৪% বৃদ্ধির কথা বলা হয়েছে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন হয়নি। এমনিতেই কেন্দ্রের তুলনায় রাজ্যে ডিএ-এর ক্ষেত্রে এখনও বড় ফারাক রয়েছে। তা নিয়ে ইতিমধ্যেই বারবার রাজ্য সরকারের কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। হয়েছে আন্দোলন, ধর্না, মিছিল।
এই অবস্থায় রাজ্য বিধানসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকারের ডিএ (DA) বাড়িয়ে রাজ্য সরকারি কর্মচারীদের কার্যত কাটা ঘা-এ নুনের ছিটে দিল কেন্দ্রের মোদী সরকার, বলছেন বিশেষজ্ঞরা। সাধারণত দোলউৎসবের আগেই এই বৃদ্ধি হয়। তবে এবার তার অন্যথা হল।
এই ঘোষণায় প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষের বেশি পেনশনভোগী মিলিয়ে মোট ১.১৫ কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন। মূল বেতনের উপর ২ শতাংশ অতিরিক্ত DA পাওয়ায় মাসিক আয় বাড়বে। উদাহরণস্বরূপ, যার মূল বেতন ৩০,০০০ টাকা, তিনি মাসিক প্রায় ৬০০ টাকা বেশি পাবেন। বকেয়া মিলিয়ে এককালীন অর্থও যথেষ্ট উল্লেখযোগ্য হবে। সুতরাং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এই বৃদ্ধি বেশ তাৎপর্যপূর্ণ।


