Aaj India Desk, কলকাতা: গত কয়েকদিনে তোলাবাজি, দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন বহু তৃনমূল নেতা-কর্মী। গ্রেপ্তারের পর সেই অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে এবং কখনও অপ্রতুল পোশাকে প্রকাশ্য রাস্তায় ঘুরিয়েছে রাজ্য পুলিশ। সেই ঘটনাগুলি নজরে আসতেই এবার নড়ে চড়ে বসেছে কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt)। রাজ্য সরকারের তরফে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।
কী নিয়ে বিতর্ক?
সম্প্রতি হাওড়ার আকাশ সিংকে কোমরে দড়ি বেঁধে জনসমক্ষে নিয়ে যাওয়া হয়। হাওড়ার আর এক অভিযুক্ত শাহিন মোল্লাকেও অনুরূপভাবে জনসমক্ষে নিয়ে যাওয়া হয়। কলকাতার পার্ক সার্কাস এলাকায় বিক্ষোভ ও পাথর ছোড়ার অভিযোগে গ্রেপ্তার কয়েকজন অভিযুক্তকেও কোমরে দড়ি বেঁধে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। নির্বাচন-পরবর্তী অপরাধ দমন অভিযানে রাজ্যের বিভিন্ন এলাকায় গ্রেপ্তার করা অভিযুক্তদের এইভাবে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার একাধিক ঘটনা সামনে আসে।
পুলিশের দাবি, তদন্তের স্বার্থে ‘ক্রাইম সিন রিকনস্ট্রাকশন’ জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অপরাধ দমনে কড়া বার্তা দেওয়া এবং তদন্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের স্বার্থেই এই ধরনের কাজ করেছেন বলে জানিয়েছে রাজ্য পুলিশ। তবে এই ঘটনাগুলির ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, আদালতে দোষ প্রমাণের আগেই অভিযুক্তদের প্রকাশ্যে অপমান করা হচ্ছে।
দ্রুত রিপোর্ট তলব আদালতের
এই ঘটনাগুলিকে কেন্দ্র করে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) ভ্যাকেশন বেঞ্চ রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছে। আদালত জানতে চেয়েছে, কোন আইনি ভিত্তিতে এবং কী প্রক্রিয়া মেনে অভিযুক্তদের এভাবে জনসমক্ষে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যকে চার সপ্তাহের মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ জমা দিতে বলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী শুনানিতে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছে আদালত (Kolkata Highcourt)। বিষয়টি নিয়ে জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশনেরও নজর রয়েছে।


