Aaj India Desk, মুর্শিদাবাদ : দীর্ঘ আইনি টানাপোড়েন ও অনাস্থা প্রস্তাবের পর মুর্শিদাবাদের রানিনগর ১ পঞ্চায়েত সমিতিতে নতুন বোর্ড গঠিত হয়েছে। ১৮ সদস্যের পঞ্চায়েত সমিতিতে মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন ১৫ জন সদস্য। তাঁদের মধ্যে ১০ জন তৃণমূল কংগ্রেস, ২ জন কংগ্রেস, ২ জন সিপিআইএম এবং ১ জন বিজেপির সদস্য ছিলেন। ১১ জনের সমর্থনে সভাপতি নির্বাচিত হন রোজিনা বিবি। তবে বোর্ড গঠনকে ঘিরে তৃণমূলের পাশাপাশি NCPI-এর ভূমিকা নিয়ে বিরোধীদের অভিযোগে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। (Raninagar Panchayat Samiti)
১১ ভোটে সভাপতি রোজিনা
রানিনগর ১ পঞ্চায়েত সমিতিতে মোট সদস্য ১৮ জন। গুরুত্বপূর্ণ বৈঠকে তিন সদস্য অনুপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে তৃণমূলের তৎকালীন সভাপতি, সহ-সভাপতি-সহ আরও একজন সদস্য রয়েছেন বলে জানা গিয়েছে। উপস্থিত ১৫ সদস্যের মধ্যে ১১ জনের সমর্থন পান রোজিনা বিবি। এরপরই তাঁকে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। (Raninagar Panchayat Samiti)
সামনে আবু তাহের খান
বোর্ড গঠনের গোটা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানের। তাঁর নেতৃত্বেই বোর্ড গঠন হয়েছে বলে দাবি করা হয়েছে।তবে বোর্ডটি ঠিক কোন রাজনৈতিক দলের এই প্রশ্নে সরাসরি কোনও দলের নাম করেননি সাংসদ। তাঁর বক্তব্য, “কোনও পার্টির কথা নয়, এমপি সাহেবের নেতৃত্বেই পঞ্চায়েত সমিতি দখল হয়েছে।” এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। (Raninagar Panchayat Samiti)
সিপিআইএমের পঞ্চায়েত সমিতির সদস্য ইকবাল হকের দাবি, বাইরে থেকে বিষয়টি তৃণমূলের বোর্ড বলে মনে হলেও সরকারি রেজ্যুলেশনে NCPI-এর নাম রয়েছে। তাঁর অভিযোগ, তৃণমূলের পতাকা ও পরিচয়ের আড়ালে অন্য একটি রাজনৈতিক সমীকরণ কাজ করছে। গত তিন বছর এলাকায় উন্নয়নমূলক কাজ হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
কংগ্রেসের ভূমিকা নিয়েও প্রশ্ন
বৈঠকে সিপিআইএমের দুই সদস্য এই বোর্ড গঠনের বিরোধিতা করেন বলে দাবি। অন্যদিকে কংগ্রেসের দুই সদস্য ভোটাভুটির সময় কোনও প্রকাশ্য আপত্তি জানাননি। এই অবস্থান নিয়েও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।
নবনির্বাচিত সভাপতি রোজিনা বিবি অবশ্য NCPI-কে ঘিরে যাবতীয় জল্পনা খারিজ করেছেন। তাঁর দাবি, তাঁরা তৃণমূল কংগ্রেসেরই অংশ এবং এই জয় সাধারণ মানুষের জয়। উন্নয়নকে সামনে রেখে পঞ্চায়েত সমিতির কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। রানিনগর ১-এর ঘটনাকে ঘিরে মূল প্রশ্ন এখন একটাই। এটি কি শুধুই তৃণমূলের বোর্ড গঠন, নাকি এর পিছনে রয়েছে বৃহত্তর স্থানীয় রাজনৈতিক সমঝোতা?


