Aaj India Desk, নয়া দিল্লি : তৃণমূল কংগ্রেস ছেড়ে NCPI-তে যোগ দেওয়া ২০ জন সাংসদকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। দলত্যাগ-বিরোধী আইনে ওই সাংসদদের সাংসদ পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত ২০ সাংসদকে নোটিস দিয়েছে। আগামী দু’সপ্তাহ পর মামলাটির পরবর্তী শুনানি হবে। (Kalyan Banerjee)
২০ সাংসদের পদ খারিজের দাবি
তৃণমূলের অভিযোগ, দল ছেড়ে NCPI-তে যোগ দিয়ে ওই ২০ সাংসদ দলত্যাগ-বিরোধী আইনের আওতায় পড়েছেন। তাঁদের মধ্যে সুদীপ-সহ একাধিক সাংসদ রয়েছেন বলে তৃণমূলের দাবি। তাঁদের সাংসদ পদ খারিজের দাবিতেই আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল শিবির। মামলায় লোকসভার স্পিকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। দলের বক্তব্য, দলত্যাগ সংক্রান্ত অভিযোগ দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়ায় বিষয়টি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। (Kalyan Banerjee)
‘৩ মাসের মধ্যে নিষ্পত্তি’, বললেন কল্যাণ
তৃণমূল নেতা তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দলত্যাগ সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির বিষয়ে আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল। ২০২০ সালে শীর্ষ আদালত এই ধরনের মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তির কথা বলেছিল। কল্যাণের কথায়, “এই ২০ জন সাংসদ বেআইনি কাজ করেছেন। দেখি কীভাবে নতুন দল তৈরি করেন। লোকসভার স্পিকার বারবার এই ২০ জনের বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন।” তিনি আরও বলেন, “এখন সবে লোকসভায় আছি। এরপর বিধানসভাতেও যাব এই বিষয় নিয়ে। সবার ঘুম ভাঙিয়ে দেব।” (Kalyan Banerjee)
এদিন রাজনৈতিক কটাক্ষও করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, কেউ কেউ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তাঁর মতো হওয়ার কথা বলছেন। কটাক্ষের সুরে তিনি বলেন, “মোদীর মতো হওয়ার চেষ্টা করুন। মোদীর মতো কাজও করেন না, মোদির মতো চরিত্রও নয়, মোদীর মতো জ্ঞানও নেই। এবার দেখা যাবে কী হয়।”
সুপ্রিম কোর্টে মামলার ফল তৃণমূলের পক্ষে গেলে তা গণতন্ত্রের জয় হবে বলেও মন্তব্য করেন কল্যাণ। তবে মামলার চূড়ান্ত ফল কী হবে, তা নির্ভর করবে আদালতের পরবর্তী শুনানি ও সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্যের উপর। আপাতত ২০ সাংসদকে নোটিস দিয়ে তাঁদের অবস্থান জানতে চেয়েছে শীর্ষ আদালত।


