Aaj India Desk, কলকাতা: অভিনেতা (Actor) তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে এবার গুরুতর আর্থিক প্রতারণার অভিযোগ উঠল। চারু মার্কেট থানায় দায়ের হওয়া অভিযোগে দাবি করা হয়েছে, একটি সিনেমা বা ওয়েব সিরিজ নির্মাণের নাম করে মোট ১ কোটি ৫ লক্ষ টাকা নেওয়া হলেও সেই প্রকল্পের কাজ সম্পূর্ণ করা হয়নি। এই ঘটনায় সোহম ও তাঁর সংস্থার বিরুদ্ধে প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বলে সূত্রের খবর।
অভিযোগকারী কৌশিক কর্মকার জানিয়েছেন, ২০২২ সালের মাঝামাঝি সময়ে সোহমের প্রযোজনা সংস্থা তাঁদের সঙ্গে যোগাযোগ করে। তখন জানানো হয়, সংস্থাটি চলচ্চিত্র ও ওয়েব সিরিজ প্রযোজনার সঙ্গে যুক্ত এবং ‘লাল সুটকেসটা দেখেছেন’ নামে একটি প্রজেক্টের কাজ চলছে। তবে আর্থিক সংকটের কারণে সেই কাজ শেষ করা সম্ভব হচ্ছে না বলেও দাবি করা হয়।
কৌশিকের অভিযোগ, প্রকল্পটি শেষ করার জন্য প্রথমে ৮০ লক্ষ টাকা বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়। শুরুতে এত বড় অঙ্কের অর্থ লগ্নি করতে অনীহা প্রকাশ করলেও পরে সোহম নিজে তাঁদের অফিসে গিয়ে বিনিয়োগের অনুরোধ জানান। এরপর তাঁদের সংস্থা ৮০ লক্ষ টাকা দেয়।
কিন্তু ওই অর্থ পাওয়ার পরেও প্রকল্পের কাজ এগোয়নি বলে অভিযোগ। বরং পরে আরও অর্থের প্রয়োজনের কথা জানানো হয়। সেই আবেদনের ভিত্তিতে অতিরিক্ত ২৫ লক্ষ টাকা দেওয়া হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে মোট ১ কোটি ৫ লক্ষ টাকা দেওয়ার পরও প্রতিশ্রুত কাজ সম্পূর্ণ না হওয়ায় শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন অভিযোগকারী।


