Aaj lndia Desk,মুর্শিদাবাদ: নিউ ফরাক্কা রেল স্টেশনকে ঘিরে রেলের উদ্বেগ আরও বাড়ল। রেললাইনের নীচের মাটি ধসে যাওয়ার পর বৃহস্পতিবার থেকে যে মেরামতির কাজ শুরু হয়েছিল, তার মধ্যেই শুক্রবার সকালে ফের নতুন করে ধস নামল। ফলে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ আরও কঠিন হয়ে পড়েছে। আপাতত ওই পথে ট্রেন চলাচল শুরু হওয়ার সম্ভাবনাও নেই বলেই রেল সূত্রে ইঙ্গিত মিলেছে।
স্টেশন থেকে কয়েক মিটার দূরেই রেললাইনের নীচের মাটিতে প্রথম বিপর্যয় দেখা দেয়। বৃহস্পতিবার ভোররাতে নিউ ফরাক্কা স্টেশনের আপ লাইনের নীচে ধস নামার পর দ্রুত মেরামতির কাজ শুরু করেন রেলকর্মীরা। কিন্তু কাজ এগোনোর মধ্যেই শুক্রবার সকালে বিপত্তি নতুন জায়গায় ছড়িয়ে পড়ে। আগের ক্ষতিগ্রস্ত অংশের কিছুটা দূরে ফের মাটি বসে যায়।
নয়ানজুলির জলেই নরম হচ্ছে মাটি?
রেললাইনের পাশে থাকা নয়ানজুলিতে জল বাড়ার কারণে মাটি দুর্বল হয়ে পড়ছে বলে জানা গিয়েছে। সেই কারণেই একের পর এক জায়গায় ধস তৈরি হচ্ছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শুক্রবার নতুন করে প্রায় ১৫ মিটার গভীর অংশে মাটি সরে যায়। এর প্রভাব পড়ে রেললাইনের উপরেও। লাইন বসে যাওয়ার পাশাপাশি বিদ্যুতের একটি খুঁটিও বেঁকে গিয়েছে।
মেরামতির কাজ চলাকালীন ফের ধস নামায় রেলের কর্মীদের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। একটি অংশ সারানোর পাশাপাশি নতুন ক্ষতিগ্রস্ত জায়গাটিকেও সামলাতে হচ্ছে। ফলে শুক্রবার সন্ধ্যার মধ্যে ট্রেন পরিষেবা চালু করার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, নতুন পরিস্থিতিতে সেটিও আপাতত কার্যকর হচ্ছে না।
বৃষ্টির পূর্বাভাসে বাড়তি চিন্তা
এরই মধ্যে মুর্শিদাবাদে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার এবং শনিবার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। একই সঙ্গে বীরভূমেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে বর্ষা সক্রিয় থাকায় ফের বৃষ্টি নামলে রেললাইনের নীচের মাটি আরও দুর্বল হতে পারে। ফলে ধস সামলে দ্রুত মেরামতির কাজ শেষ করাই এখন রেলের কাছে বড় চ্যালেঞ্জ।
বাতিল একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন
নিউ ফরাক্কার সমস্যার প্রভাব পড়েছে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগে। বাতিল হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। তালিকায় রয়েছে 12345 হাওড়া-গুয়াহাটি সারাইঘাট এক্সপ্রেস, 13147 শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, 13149 শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, 13163 শিয়ালদহ-সাহারসা হাটে বাজার এক্সপ্রেস এবং 13153 শিয়ালদহ-মালদহ টাউন গৌড় এক্সপ্রেস।
এছাড়াও বাতিল হয়েছে 12343 শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার দার্জিলিং মেল, 13189 শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস, 12377 শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, 13115 শিয়ালদহ-জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস, 13145 কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস, 13159 কলকাতা-জোগবানি এক্সপ্রেস, 15961 হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, 27575 হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এবং 13033 হাওড়া-কাটিহার এক্সপ্রেস।
ফলে নিউ ফরাক্কার এই রেল বিপর্যয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যাত্রী পরিষেবা কার্যত বড়সড় ধাক্কার মুখে।


