Aaj India Desk, নয়া দিল্লি : জেন জির আন্দোলনে বিদেশি ফান্ডের কথা প্রায়ই উঠে এসেছে আলোচনায়। এবার সেই অভিযোগের মাঝেই ভারতে জেন জি আন্দোলনে বাংলাদেশের অবদান স্বীকার করলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-এর জাতীয় সভাপতি নেহা বোরা (Neha Bora)। বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে অনুপ্রেরণা নেওয়ার কথা প্রকাশ্যে জানিয়ে করে তাঁর বক্তব্য, “আমরা আপনাদের পাশে রয়েছি। আপনাদের আন্দোলন থেকে আমরা অনুপ্রেরণা নিই এবং শিখি।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বাংলাদেশকে কৃতিত্ব নেহার
সম্প্রতি সোশ্যালিস্ট স্টুডেন্টস ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নেহা বোরাকে বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রসঙ্গে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, “দেশের বিভিন্ন প্রান্তে এখন যে জেন জি আন্দোলন দেখা যাচ্ছে, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। পথ দেখানোর জন্য আপনাদের অভিনন্দন জানাই।” বক্তব্যের শুরুতে সংগঠনের সদস্যদের উদ্দেশে বিপ্লবী শুভেচ্ছা ও লাল সেলামও জানান তিনি। বাংলাদেশের আন্দোলন থেকে শিক্ষা নেওয়া এবং সেই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশের কথাও তুলে ধরেন AISA-র জাতীয় সভাপতি।
নাহিদ ইসলামের পুরনো মন্তব্যও ফের আলোচনায়
এর আগে বাংলাদেশের ছাত্রনেতা নাহিদ ইসলামকে দিল্লির CJP আন্দোলনের প্রতি সমর্থন জানাতে দেখা গিয়েছিল। তাঁর বক্তব্য ছিল, “সংগ্রামের মধ্য দিয়েই আমরা একে অপরের সঙ্গে যুক্ত।”
উল্লেখ্য, নাহিদ ইসলামের সেই মন্তব্য এবং নেহা বোরার (Neha Bora) সাম্প্রতিক বক্তব্যকে এবার পাশাপাশি রেখে আন্দোলনগুলির মধ্যে সম্ভাব্য যোগসূত্র নিয়ে প্রশ্ন তুলছেন একাংশ। নেহা বোরার বক্তব্যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রভাবের কথা স্পষ্টভাবে উঠে এসেছে। কিন্তু ভারতীয় Gen-G আন্দোলনের প্রকৃত উৎস, বিভিন্ন সংগঠনের ভূমিকা এবং আন্দোলনগুলির মধ্যে সাংগঠনিক যোগসূত্রের কোনো প্রামাণিক তথ্য এখনও পর্যন্ত মেলেনি বলেই জানিয়েছে সরকার।


