Aaj India Desk, নয়া দিল্লি : দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ আন্দোলন ও উত্তপ্ত পরিস্থিতির পর শেষপর্যন্ত আশার আলো দেখা গেলো। সোনম ওয়াংচুকের অনুপস্থিতিতে তাঁর স্ত্রী গীতাঞ্জলির নেতৃত্বেই সোমবারের ‘সংসদ চলো’ কর্মসূচির মধ্যেই ককরোচ জনতা পার্টির (CJP) দাবি, প্রথমবার তাদের সঙ্গে যোগাযোগ করেছে কেন্দ্র সরকার। সেই সূত্রেই কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে যাচ্ছেন সংগঠনের দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। যদিও এই দাবির বিষয়ে এখনও পর্যন্ত কেন্দ্রের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মেলেনি।
কী জানালেন সিজেপির মুখপাত্র ?
সৌরভ দাস আগেই জানিয়েছিলেন, সরকার যদি আলোচনার উদ্যোগ নেয়, তবে সিজেপিও (CJP) আলোচনায় বসতে প্রস্তুত। আজ কেন্দ্রের তরফে যোগাযোগ করার পর তাঁর বক্তব্য, “সরকার দেরিতে হলেও যোগাযোগ করেছে। আমরা আলোচনার জন্য প্রস্তুত। তবে এখনও সরকারের অবস্থান পুরোপুরি স্পষ্ট নয়। এখন সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।”
কেন শেষ পর্যন্ত আলোচনার পথে এগোল কেন্দ্র?
সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও কারণ জানানো না হলেও, রাজনৈতিক মহলের একাংশের মতে, টানা আন্দোলন, ‘সংসদ চলো’ কর্মসূচিতে বিপুল জনসমাগম এবং দিল্লিতে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তারই মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের মাধ্যমে অচলাবস্থা কাটানোর চেষ্টা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কেন্দ্র সরকার এখনও এই বৈঠক বা আলোচনার উদ্যোগ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
উল্লেখ্য, আজ সকাল থেকেই পরীক্ষায় অনিয়মের অভিযোগে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সংসদ অভিমুখে অভিযান শুরু করেছিলেন আন্দোলনকারীরা। তবে সংসদের সামনে ১৬৩ ধারা জারি থাকার কারণে পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে আন্দোলন থামানোর চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার মধ্যেই সরকারের সঙ্গে আলোচনার সম্ভাবনা তৈরি হয়। এবার সরকারের এই উদ্যোগ কোন দিকে মোড় নেয় এবং সিজেপি (CJP) ও ছাত্রদের দাবি পূরণ হয় কিনা সেদিকেই নজর দেশবাসীর।


