Aaj India Desk, মালদহ: মালদহে (Malda) বড়সড় আর্থিক দুর্নীতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় ১৪ কোটি টাকা দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছে রতুয়ার বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা মণ্ডল (Smritikona Mondal) এবং তাঁর স্বামী তৃণমূল নেতা অনিল মণ্ডলকে (Anil Mondal)। স্থানীয়দের অভিযোগ, বহু সাধারণ মানুষের জমা টাকা আত্মসাৎ করা হয়েছে। ঘটনায় আরও তিনজন তৃণমূল (TMC) কর্মীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, রতুয়া ১ নম্বর ব্লকের সাহানগর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নামে একটি মিনি ব্যাঙ্কে এই বিপুল দুর্নীতির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ওই ব্যাঙ্কের ম্যানেজারের দায়িত্বে ছিলেন অনিল মণ্ডল। পরে তাঁর ছেলে অমিত মণ্ডল সেই দায়িত্ব নেন। ক্যাশিয়ারের কাজ করতেন অনিলের ভাইপো প্রণব মণ্ডল। এলাকার প্রায় পাঁচ হাজার কৃষক ও সাধারণ মানুষ সেখানে টাকা জমা রাখতেন।
অভিযোগ, প্রায় এক বছর আগে হঠাৎ করেই ব্যাঙ্ক বন্ধ হয়ে যায়। তারপর থেকেই ম্যানেজার ও ক্যাশিয়ার নিখোঁজ হয়ে যান। আমানতকারীদের দাবি, তাঁদের কষ্টের সঞ্চয়ের কোটি কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। এই ঘটনায় হৃদয় মণ্ডল নামে এক আমানতকারী রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর গ্রেফতার করা হয় পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীকে।
শুক্রবার থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ আমানতকারীরা। ধৃতদের প্রিজন ভ্যানে তোলার সময় ‘চোর চোর’ স্লোগানও ওঠে। যদিও স্মৃতিকণা মণ্ডল দাবি করেছেন, তিনি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন। এদিকে বিজেপির পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক বাকি অভিযুক্তদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে।


