34.1 C
Kolkata
Tuesday, October 13, 2026
spot_img

কলকাতায় দুর্গাপুজোয় বাড়ছে ভিড়, রাস্তায় নামছে ২০ হাজার ভলান্টিয়ার! কী কী ব্যবস্থা পুলিশের?

Aaj India Desk,কলকাতা: দুর্গাপুজোর দিনগুলিতে শহরের রাস্তায় উপচে পড়বে দর্শনার্থীদের ভিড়। সেই ভিড় নিয়ন্ত্রণ, যানজট এড়ানো এবং অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। এ বছর শহরে পুজোর সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৯৮১। গতবারের তুলনায় ৪০০-রও বেশি পুজো বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তার দায়িত্ব সামলাতে একাধিক পদক্ষেপ করছে লালবাজার। তৃতীয়া থেকেই বাড়ানো হচ্ছে নজরদারি। বুধবার চতুর্থীর বিকেল ৪টে থেকে অতিরিক্ত পুলিশকর্মীদের পাশাপাশি কর্তাদেরও রাস্তায় দেখা যাবে।

পুজোর সংখ্যায় এগিয়ে যাদবপুর

পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এ বছর সবচেয়ে বেশি পুজোর আয়োজন হয়েছে যাদবপুর বা এসএসডি ডিভিশনে। সেখানে মণ্ডপের সংখ্যা ৬৮৫। এরপরেই রয়েছে বেহালা বা এসডব্লুডি ডিভিশন, যেখানে ৫৯৮টি পুজো হচ্ছে। পূর্ব কলকাতায় ৩৩৫টি, উত্তর কলকাতায় ৩১২টি এবং দক্ষিণ কলকাতায় ২৫৮টি পুজোর আয়োজন করা হয়েছে। দক্ষিণ পূর্ব কলকাতায় ২০৮টি, পূর্ব ডিভিশনে ১৯৩টি, ভাঙড়ে ১৪৮টি, মধ্য কলকাতায় ১২৮টি এবং বন্দর এলাকায় ১১৬টি পুজো হচ্ছে।

বড় মণ্ডপগুলিতে বাড়তি সতর্কতা

কলেজ স্কোয়ার, মহম্মদ আলি পার্ক, সন্তোষ মিত্র স্কোয়ার এবং অ্যালেন পার্কের মতো জনবহুল পুজো এলাকায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকছে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলির আশপাশে পুলিশ পিকেট বসানো হবে। ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি দর্শনার্থীদের যাতায়াত সহজ করাও পুলিশের অন্যতম লক্ষ্য। চতুর্থীর বিকেল থেকে পুলিশকর্তাদের সঙ্গে প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করবেন।

দিনের বেলায় দর্শনার্থীদের চাপ সামলাতে ২৭টি মণ্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি ডিভিশনে গড়ে ১০ থেকে ১৫টি ছোট পুজোতেও পুলিশ থাকবে। পরিস্থিতি অনুযায়ী কোথাও সার্জেন্ট, আবার কোথাও এএসআইয়ের নেতৃত্বে চার থেকে আটজন পুলিশকর্মী দায়িত্ব সামলাবেন।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা

পুজোর নিরাপত্তায় দু’দফায় ২০টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ১০টি স্পেশাল রেডিও ফ্লাইং স্কোয়াড এবং ৩০টি পিসিআর মোবাইল ভ্যান কাজে লাগানো হবে। ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় রেখে চলবে এই যানগুলি। কোথাও অগ্নিকাণ্ড ঘটলে দমকলের গাড়িকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে সাহায্য করবে পুলিশ।

গঙ্গার ১৫টি ঘাটে টহল দেবে পুলিশের তিনটি লঞ্চ। নজরদারির জন্য থাকবে ৪২টি ওয়াচ টাওয়ার। এছাড়া শহরের বিভিন্ন রাস্তায় চলবে সাতটি মোবাইল পুলিশ অ্যাসিস্ট্যান্ট ভ্যান। ছ’টি জায়গায় থাকবে ট্রাফিক পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ এবং ন’টি এলাকায় মোতায়েন করা হবে কমব্যাট বাহিনী-সহ কুইক রেসপন্স টিম।

দর্শনার্থীদের জরুরি চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হচ্ছে ১৪টি পুলিশ অ্যাম্বুল্যান্স ও ১৪টি ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স। নিখোঁজ শিশু ও প্রবীণদের সন্ধানে কাজ করবে ১০টি মিসিং পার্সন স্কোয়াডের গাড়ি। শহরের ৩২টি মেট্রো স্টেশনেও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে।

আগামী ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিসর্জন চলবে। ফলে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় সামলানোর পাশাপাশি বিসর্জন পর্বেও নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ থাকবে কলকাতা পুলিশের সামনে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন